বিহারে রেল অবরোধে বিজেপি, আটকে গেল হাওড়ামুখী রাজধানীও

সংসদে সম্প্রতি পাশ হয়েছে তেলেঙ্গানা বিল। অন্ধ্রপ্রদেশকে ভেঙে আলাদা তেলেঙ্গানা রাজ্য গঠনের কথা বলা হয়েছে। বাকি এলাকা নিয়ে গঠিত সীমান্ধ্র রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইউপিএ সরকার। এর ফলে নানা ক্ষেত্রে কর ছাড় পাবে সীমান্ধ্র। কেন্দ্রের থেকে পাবে মোটা টাকার আর্থিক প্যাকেজ।
এর পরই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দাবি করেন, তাদেরও দিতে হবে স্পেশ্যাল স্ট্যাটাস। 'বিমাতৃসুলভ' আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি আগামী ২ মার্চ বিহার বনধেরও ডাক দিয়েছেন। নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল একাই সব কৃতিত্ব চেটেপুটে খেয়ে নেবে দেখে এবার আসরে নামে বিজেপি। তারই অঙ্গ হিসাবে এদিন রেল অবরোধ করা হয়।
বিহার পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রবীন্দ্র কুমার জানান, অবরোধকারীরা পাটনা, গয়া, দ্বারভাঙ্গা, হাজিপুর, ভাগলপুর, মাধেপুরা, নালন্দা, জেহানাবাদ ইত্যাদি স্টেশনে রেল অবরোধ করে। গায়ের জোরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এদিকে, রাজ্য বিজেপি-র বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী বলেছেন, অনেক আগে থেকেই যাত্রীদের বলা হয়েছিল, কেউ শুক্রবার রেলযাত্রা করবেন না। টিকিট বাতিল করারও পরামর্শ দেওয়া হয়েছিল। তার পরও যদি অবরোধের কারণে কারও অসুবিধা হয়ে থাকে, তা হলে সেটা দুভার্গ্যজনক।












Click it and Unblock the Notifications