সিদ্ধারামাইয়া গোমাংস ভক্ষণ করলে তাঁর মুণ্ডচ্ছেদ করা হবে, হুমকি বিজেপি নেতার
শিবমোগ্গা (কর্ণাটক), ৩ নভেম্বর : গোভক্ষণ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছিলেন তিনি গোভক্ষণ করবেন। আর তাতে রেগে লাল স্থানীয় বিজেপি নেতা এস এন চান্নাবাসাপ্পা। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রীতিমতো হুমকি দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী গোমাংস ভক্ষণ করলে তার মুণ্ডচ্ছেদ করবেন তিনি।
এসএন চান্নাবাপাস্সা শিবমোগ্গা পুরসভা কাউন্সিলের প্রাক্তন সভাপতি ছিলেন। গত সপ্তাহে সিদ্ধারামাইয়া গোমাংস ভক্ষণ নিয়ে যে মন্তব্য করেছিলেন তারই প্রতিবাদে একটি সভার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি। সেই সভাতেই সিদ্ধারামাইয়াকে ব্যক্তিগত আক্রমণ শানিয়ে রীতিমতো হুমকি দেন এই বিজেপি নেতা।

এদিন চান্নাবাপাস্সা বলেন, "কোন সাহসে গোমাতার গলায় হাত রাখবেন? আপনি প্রকাশ্যে একনায়কতন্ত্র মনোভাব নিয়ে বলছেন গোমাংস ভক্ষণ করবেন...আপনার যদি এত সাহস থাকে তাহলে এখানে গোপী সার্কেলে (শিবমোগ্গার যে স্থানে সভা হচ্ছে) খেয়ে দেখুন একবার, কোন সন্দেহ নেই এখানে এসে খেতে গেলে, ওর মুণ্ডচ্ছেদ হবে। আপনি হিন্দুদের ভাবাবেগের সঙ্গে ছেলেখেলা করছেন?"
চান্নাবাপাস্সার এই মন্তব্যকে উষ্কানিমূলক বলে মন্তব্য করেছেন সিদ্ধারামাইয়া। তিনি বলেন, "এই মন্তব্যটি উষ্কানিমূলক, আমি পুলিশকে বলব এর যথাযথ তদন্ত করতে। যদি এটা সত্যি হয় তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।"
বিজেপি নেতার এত বড় মন্তব্যের পরেও স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে কেন কোনও মন্তব্য করা হল না এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, সিদ্ধারামাইয়া বলেন, "বিজেপির লোকজন এরকমই। এইজন্যই আমরা এদের বিরোধিতা করি। আমি যদি বলি মাংস খাব, তাহলে তা কীভাবে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতি করবে? আমরা কী অন্যধরণের মাংস খাই না?"
সিদ্ধারামাইয়া আরও বলেন, "খাদ্যাভ্যাস মানুষের ব্যক্তিগত পছন্দ। আর সেটা সেভাবেই থাকা উচিত। কারোর এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। কারোর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয়। এটা সংবিধান বিরোধী।"
উল্লেখ্য, গত সপ্তাহে কর্ণাটক যুব কংগ্রেসের একটি বৈঠকে সিদ্ধারামাইয়া বলেন, "এখনও পর্যন্ত আমি কোনওদিন গোমাংস ভক্ষণ করিনি। কিন্তু যদি আমার স্বাদ ভাল লাগে. এবং আমার খেতে ইচ্ছে হয়, আমি খাব, কেউ আমাকে আটকাতে পারবে না।" সিদ্ধারামাইয়ার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন চান্নাবাপাস্সা এই হুমকি দিয়েছেন।












Click it and Unblock the Notifications