৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তি, জাতীয় পতাকা উড়িয়ে বিজেপি নেত্রীর উল্লাস কাশ্মীরের অনন্তনাগে!
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আজ বর্ষপূর্তি৷ শুধু ৩৭০ ধারা প্রত্যাহারই নয়, এই দিন দু'টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় এই রাজ্যকে৷ ঐতিহাসিক এই সিদ্ধান্তের এক বছর পূর্ণ হওয়ায় কাশ্মীরের অনন্তনাগের লাল চকে পতাকা উত্তোলন করলেন স্থানীয় এক বিজেপি নেত্রী।

কাশ্মীরের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন
তাঁর কথায়, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কারণ এইদিনই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তখনও বিজেপির এই সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছিলেন। আজও তাই করছেন। এবং তাই স্বাধীনতা দিবসের আগেই জতীয় পতাকা উত্তোলন করলেন।

একবছর আগে এদিনে উত্তাল হয় সংসদ
২০১৯ সালের আজকের দিনে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের কথা বলেন। প্রস্তাবটি পাশ হয়ে যায় লোকসভায়। কার্ফু জারি হয় এরাজ্যে। ঘরবন্দী করা হয় মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লাকে।

কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট
বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। আজ সেই ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তিতে কোনওকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বিভিন্ন এলাকায় চলছে পুলিশি টহলদারি। তারমধ্যেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের লাল চকে পতাকা উত্তোলন করেন বিজেপি নেত্রী রুমিসা রফিক।

বিজেপি নেত্রীর কথায়
পতাকা উত্তোলনের পর তিনি বলেন, '৩৭০ ধারা প্রত্যাহারের পর মহিলারা তাঁদের যোগ্য অধিকার পেয়েছেন। এই সিদ্ধান্তের ফলে উন্নয়নের পথ প্রশস্থ হয়েছে। বিজেপি কাশ্মীর নিয়ে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল। এই দল প্রথম থেকেই সবার সঙ্গে ও সবার উন্নয়নে বিশ্বাস করে। আর দেশে এক প্রধান, এক পতাকা ও এক সংবিধানে বিশ্বাস করে।' তিনি আরও বলেন, 'এলাকায় তিনজনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না করোনার জন্য। সকলের কাছে আবেদন জানানো হচ্ছে দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না এবং আইন অমান্য করবেন না।'












Click it and Unblock the Notifications