ভোটের মুখে দলের অভ্যন্তরে বিদ্রোহ! টিকিট বিলি নিয়ে চাপে কর্নাটক বিজেপি
দশই মে একদফায় ২২৪ টি আসনে নির্বাচন। তার আগে ২০ এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন। কিন্তু তার আগে বিজেপি শাসিত কর্নাটকে গেরুয়া শিবিরের অভ্যন্তরে এমন পরিস্থিতি যে প্রায় ৪০ টি আসনে গোঁজ প্রার্থী দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা। যে কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতেও ধাক্কা খাচ্ছে বিজেপি।
এই পরিস্থিতিতে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য বিএস ইয়েদুরিয়াপ্পা স্বীকার করে নিয়েছেন, প্রার্থী বাছাই করতে গিয়ে তাদের চাপের মুখে পড়তে হচ্ছে। তবে দু-থেকে তিন দিনের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইয়েদুরিয়াপ্পা বলেছেন, যেসব আসনে বিজেপির জেলার সম্ভাবনা, সেই সব আসনের দাবিদার অন্তত তিন থেকে পাঁচ প্রার্থী। তাঁরা প্রতিটি আসনের জন্য দু থেকে তিনজনের নাম বাছাই করেছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন. জয়ের সম্ভাবনা এবং হাইকমান্ডের পরামর্শের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পা এবং বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই নয়াদিল্লিতে গিয়েছেন। যেখানে শনিবার শুরু হচ্ছে বৈঠক। সেই বৈঠকেই বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আশা করছে সংশ্লিষ্ট মহল।
কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা গোকাকের বিধায়ক রমেশ জারকিহোলি নিজের সহযোগিদের জন্য কাগওয়াদ, আথানি এবং বেলগাঁও গ্রামীণ আসন তিনটি দাবি করেছেন। এই নেতা ২০১৯-এ দলত্যাগের বিশেষ ভূমিকা নিয়েছিলেন। যার জেরে সেই বছর বিজেপি ক্ষমতায় আসে। এই নেতা হুমকি দিয়েছেন, দাবি পূরণ না করলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
বিজেপি সূত্রে স্বীকার করে নেওয়া হয়েছে, ৪০টির বেশি আসনে বিজেপি কাকে ছেড়ে কাকে টিকিট দেবে তা নিয়ে আতান্তরে পড়েছে। বিধান পরিষদের বিজেপি সদস্য আর শঙ্কর হুমকি দিয়ে বলেছেন, রানেবেন্নুরের টিকিট না পেলে তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যে বিজেপি কংগ্রেসকে পরিবার নিয়ে আক্রমণ করে, সেই দলেরই বেশ কয়েকজন বর্তমান বিধায়ক তাদের ভাইবোনেদের জন্য টিকিটের দাবি তুলেছেন। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস শিবির। যেমন বাগালকোটের বিধায়ক বীরন্ন চরন্তিমঠের ভাই মল্লিকার্জুন চরন্তি মঠ এবার টিকিটের দাবি করেছেন। বিজেপির এই ধরনের তালিকাটা বেশ বড়।
শিল্পমন্ত্রী মুরুগেশ নিরানির ভাই সংঘমেশ নিরানি টেরডালের টিকিটের দাবি করেছেন। যেখানে বিজেপির বিধায়ক রয়েছেন সিদ্দু সাওয়াদি। বিধায়ক কালকাপ্পা বান্দির ভাই সিদ্দাপ্পা আসনের দাবিদার। কংগ্রেসের হাতে থাকে আজফালপুর আসনের টিকিটের দাবিদার দুই ভআই মালিকায়া গুত্তেদার এবং নীতিন গুত্তেদার।
বেঙ্গালুরুর বাইরে বৃহত্তম জেলা বেলাগাভি জেবায় আসন সংখ্যা ১৮। সেখানেও একাধিক আসনে বিজেপি নেতাদের পরিবারের একাধিক ব্যক্তি টিকিটের দাবিদার। এছাড়াও যেসব আসনে একাধিক নেতা বিজেপির টিকিটের দাবিদার সেগুলির মধ্যে কয়েকটি হল শিরাহাট্টি, কানকাগিরি, ধারওয়াদ, মুদিগোরে, সোরাব, ব্যাডগি।












Click it and Unblock the Notifications