লক্ষ্য উত্তর প্রদেশ থেকে ৮০ টি আসন জয়! NDA-এর নতুন এক সদস্য বাড়াতে তৎপর বিজেপি
বিজেপির লক্ষ্য উত্তর প্রদেশ থেকে ৮০ টি আসন জয় করে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা। সেই উদ্দেশে ইতিমধ্যেই এনডিএ-র সদস্য দলের সংখ্যা ৩৮ ছুঁয়েছে। তা ভবিষ্যতে আরও বৃদ্ধির সম্ভাবনা।
বিজেপি উত্তর প্রদেশেই এনডিএ সদস্য সংখ্যা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে তাদের প্রথম পছন্দ জাট নেতা জয়ন্ত চৌধুরী। রাজ্যের পশ্চিমাঞ্চলে প্রভাব থাকা জয়ন্ত চৌধুরীর আরএলডি এখন উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সহযোগী দল হিসেবেই চিহ্নিত হয়ে রয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিজেপি সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, গেরুয়া শিবির আরএলডিকে এনডিএ-র অংশ করতে চায়। যে কারণে এনডিএ-তে পর্যাপ্ত সম্মানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের বিজেপি মন্ত্রী কপিলদেও আগরওয়াল বলেছেন, এসপির থেকে বিজেপির সঙ্গে জোট আরএলডিকে বেশি উপকৃত করবে।
তিনি আরও বলেছেন আরএলডির এনডিএ-তে যোগ দেওয়া উচিত। তাহলে তারা আসন্ন লোকসভা নির্বাচনে আরও বেশি লাভবান হবে। উত্তর প্রদেশের বিজেপি মন্ত্রী কপিলদেও আগরওয়াল মনে করিয়ে দিয়েছেন ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে থাকায় ৫ টি আসন পেয়েছিল তারা। কিন্তু ২০১৪ ও ২০১৯-এর নির্বাচনে তারা কোনও আসনই পায়নি।
মন্ত্রী আরও বলেছেন, জোট নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে ইতিহাস ঘাটলে দেখা যাবে, আরএলডি যখনই বিজেপির সঙ্গে জোট করেছে, কখনই তারা লাভবান হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উত্তর প্রদেশের বিজেপি মন্ত্রী কপিলদেও আগরওয়ালের মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ করা প্রয়োজন, একমাসের কম সময় আগে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি এসপি নেতৃত্বাধীন বিরোধী জোট ছেড়ে এনডিএতে যোগ দিয়েছে। এই দলের মতো, আরও বেশ কয়েকটি জাত ভিত্তিক ছোট দলও আগে থেকেই এনডিএ-র অংশ হিসেবে রয়েছে।
আপাতত বিরোধী শিবিরে থাকলেও, জয়ন্ত চৌধুরী পটনা কিংবা বেঙ্গালুরুতে ইন্ডিয়ার সভায় যোগ দেননি। তারপরেও তিনি যে সংকেত দিয়েছিলেন, তা মিশ্র। তবে তিনি এনডিএ-তে যোগ দিচ্ছেন কিনা, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাননি।
তবে সমাজবাদী পার্টির সঙ্গে আপাতত আরএলডির সম্পর্ক ঠিকঠাক যাচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। কেননা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক সিনিয়র এসপি নেতা বলেছেন জয়ন্ত চৌধুরী যদি আগামী লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির থেকে ১০ টি আসন চান, তাহলে সেই চাহিদা পূরণ করা কঠিন কাজ বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications