আজ শুরু সংসদের বাজেট অধিবেশন, বিরোধীদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা বিজেপির
দিল্লি, ২৩ ফেব্রুয়ারি: আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। আর এই বাজেট অধিবেশনই নরেন্দ্র মোদী সরকারের সামনে অন্যতম কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের।
বিভিন্ন বিল পাশ করানোর ক্ষেত্রে বিরোধী দলগুলিকে পাশে থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক করে বিরোধী দলের বক্তব্য শোনা ও সংসদে তা আলোচনার কথাও জানিয়েছেন। এছাড়া মেরুকরণের রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে বলে সংঘ পরিবারকে বার্তাও দিয়েছেন।

এবারের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর চ্যালেঞ্জ রয়েছে বিজেপি সরকারের। ইন্স্যুরেন্স, জমি অধিগ্রহণ, কয়লাবণ্টন সহ একাধিক অর্ডিন্যান্স ছাড়াও রয়েছে একাধিক সংস্কারমূলক বিল পাশের চ্যালেঞ্জ। বিরোধীদের সাহায্য ছাড়া যা কোনওভাবেই সম্ভব নয়। তবে বিরোধীরাও ছাড়ার পাত্র নয়। সংসদে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি বিরোধীরাও।
কেন্দ্রে সরকারে আসার পর থেকেই সংস্কারের ক্ষেত্রে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। পাশাপাশি বিদেশি পুঁজি আনার ক্ষেত্রেও যথেষ্ট তৎপর মোদী সরকার। তবে দিল্লিতে হার এবং তৃণমূল বা আপের মতো দলগুলির সরকারের সঙ্গে সরাসরি বৈরিতা মোদী সরকারকে বাজেট শুরুর আগে কিছুটা ব্যাকফুটে রেখেছে।
বাজেট অধিবেশনে সংসদ সচল রাখার আবেদন জানিয়ে রবিবারই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মোদীর দূত, সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। কিন্তু, তাতে বিশেষ চিড়ে ভেজেনি। বেঙ্কাইয়ার ডাকা সর্বদল বৈঠকেও মোদীর উপস্থিতিতেই বিরোধী দলগুলি জানিয়ে দিয়েছে, সংস্কারমূলক বিল পাশে সহযোগিতার প্রতিশ্রুতি সহজে পাওয়া যাবে না। বরং জমি অধিগ্রহণ আইন ইস্যুতে সংসদে অচলাবস্থার ইঙ্গিতই মিলেছে বিরোধী নেতাদের কথাতে।
আপাতত ২০ মার্চ পর্যন্ত চলবে অধিবেশন। এরপর ২০ এপ্রিল থেকে শুরু করে ৮ মে পর্যন্ত হয়ে অধিবেশন শেষ হবে।












Click it and Unblock the Notifications