দিল্লির হাওয়ায় উড়ছে গেরুয়া আবির, ২৭ বছর পর ফের মসনদে বিজেপি! আনন্দে আত্মহারা সমর্থকেরা
দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে যখন সকলের নজর, তখন ভারতীয় জনতা পার্টির সমর্থকরা উদযাপন শুরু করে দিয়েছে দিকে দিকে। কারণ বিজেপি ২৭ বছর পর জাতীয় রাজধানীতে ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন প্রায় নিশ্চিত করার দিকে এগোচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, প্রাথমিক প্রবণতা বলছে বিজেপি ৪৩টি আসনে এগিয়ে রয়েছে, অর্ধেকেরও বেশি আসন অতিক্রম করেছে তারা।
অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) ২৭টি আসনে এগিয়ে। তিন রাউন্ড গণনার পর নয়াদিল্লি আসন থেকে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল মাত্র ৩৪৩ ভোটে এগিয়ে।

আর মোটামুটি এই ফলাফল দেখেই উচ্ছ্বাস শুরু করেছে বিজেপি সমর্থকেরা। দিল্লিতে বিজেপি অফিসের বাইরে দেখা যাচ্ছে, বিজেপি কর্মী ও সমর্থকরা একে অপরকে গেরুয়া আবির মাখাচ্ছেন, একে-অপরকে অভিনন্দন জানাচ্ছেন। ঢাক বাজিয়ে নাচও করছেন অনেকে। কার্যত জয়ের আনন্দে মাতোয়ারা গেরুয়া শিবির।
এই ফলাফল প্রসঙ্গে বিজেপি প্রার্থী রমেশ বিধুরী বলেন, "জনগণ বিজেপিকে একটি নির্ণায়ক রায় দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, দিল্লি দেশের অন্যান্য অংশের সাথে সাথে এগিয়ে যাবে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে জাতীয় রাজধানী থেকে AAP নির্মূল হবে"।
প্রাথমিক প্রবণতায় বিজেপির জন্য উল্লেখযোগ্য লিড দেখা যাচ্ছে, দিল্লির সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন যে জাতীয় রাজধানীর পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন গেরুয়া দল থেকেই। এদিন কনাট প্লেসের হনুমান মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময়, বীরেন্দ্র সচদেব বলেন, "এখন পর্যন্ত ফলাফল আমাদের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ, তবে আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করব"।
একই সাথে দিল্লিতে বিজেপি "ডাবল ইঞ্জিন সরকার" গঠন করবে বলে জোর দিয়ে তিনি বলেন, "আমাদের বলতে কোনও দ্বিধা নেই যে এই জয় প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির ফল। আমরা নিশ্চিত করব যে দিল্লি একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার পাবে"।
১৯৯৮ সাল থেকে দিল্লিতে বিজেপি ক্ষমতার বাইরে। অন্যদিকে, গত ১০ বছর ধরে দিল্লির রাজনৈতিক দৃশ্যপটে আধিপত্য বিস্তার করে আসছে আপ। ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। অন্যদিকে, ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি শাসন করা কংগ্রেস আগের দুটি নির্বাচনে একটিও আসন জিততে ব্যর্থ হওয়ার পর আবারও ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে। তবে সেই চেষ্টা কতটা সফল হবে তা নিশ্চিত করতে পারছেন না কেউই।
তবে আপাতত, সবার লক্ষ্য বিজেপির দিকেই। কেননা তাঁদের জয়ই দিল্লির বুকে তৈরি করবে নতুন ইতিহাস।












Click it and Unblock the Notifications