Narendra Modi Oath Ceremony: শপথের আগে মোদীর বাসভবনে বিশেষ বৈঠক BJP সাংসদদের, নাড্ডার মন্ত্রিত্ব নিয়ে জল্পনা
আর কয়েক ঘণ্টা পরেই শপথ গ্রহন অনুষ্ঠান মোদীর। তার আগে দিল্লিতে তাঁর বাসভবনে বিজেপির নবনির্বাচিত সাংসদদের বৈঠক চলছে। সেই বৈঠকে রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, পীযুস গোয়েল, জেপি নাড্ডারা। চা -চক্রে বিশেষ আলোচনা চলছে সেখানে।
ইতিমধ্যেই মোদীর মন্ত্রিসভা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কে কোন মন্ত্রী হবেন শরিকরা কোন কোন মন্ত্রক হাতে পাচ্ছে তা নিয়ে জল্পনা চলছে। তার মাঝেই বড় খবর শোনা যাচ্ছে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মন্ত্রীত্ব দেওয়া হবে। তবে কোন মন্ত্রকের দায়িত্ব তাঁকে দেওয়া হবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

শপথ গ্রহনের দিন সকাল থেকেই অ্যাক্টিভ প্রধানমন্ত্রী মোদী। সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছিলেন রাজ ঘাটে। সেখানে মহাত্মাগান্ধী এবং অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিতে শ্রদ্ধা জানান। তার পরে ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সেখান থেকে নিজের বাসভবনে ফিরে আসেন নরেন্দ্র মোদী।
সকাল সাড়ে ১১টা থেকে তাঁর বাসভবনে চায়ের আসরে যোগ দিতে শুরু করেন বিজেপি সাংসদরা। সেখানে শেষ বেলার পর্যালোচনা চলছে। পীযুস গোয়েল, এস জয়শঙ্কর থেকে শুরু করে, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহ্বান, চিরাগ পাসোয়ান, এইচডি কুমারস্বামী সহ একাধিক নেতা উপস্থিত রয়েছেন। সেখানে মন্ত্রী পদ নিয়ে আলোচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিজেপিকে এবার মন্ত্রিসভায় শরিকদের ভাগ দিতে হবে। আগে থেকেই সেকারণে দর কষাকষি চলছে। নীতীশের দল আগে থেকেই রেলমন্ত্রকের দাবি জানিয়ে রেখেছে। আবার জেডিএস অর্থাৎ কুমারস্বামীর দল আগে থেকেই কৃষিমন্ত্রক নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কাজেই জট কাটিয়ে এখন মন্ত্রিসভা ঠিক করাই বড় চ্যালেঞ্জ মোদী-শাহের কাছে।
রবিবার সন্ধে সাতটা ১৫ মিনিটে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রতিবেশী রাষ্ট্রের প্রধানরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিল্লিতে। বাংলাদেশ, নেপাল, ভুটান, মলদ্বীপ, মরিশাস, সিসেলস সহ একাধিক প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রধানরা এসে উপস্থিত হয়েছে ভারতে। সাজো সাজো রব এখন রাষ্ট্রপতি ভবনে। জওহরলাল নেহরুর পর মোদীই পর পর তিনবার প্রধানমন্ত্রী পদে বসছেন। তবে এবারের ফলফল তেমন ভাল হয়নি বিজেপির জোট সঙ্গীদের নিয়েই সরকার গড়তে হচ্ছে বিজেপিকে।












Click it and Unblock the Notifications