নাগাল্যান্ডে সরকার গড়ার পথে বিজেপি জোট, ত্রিপুরায় বিজেপিকে কড়া টক্কর বাম-কংগ্রেস জোটের
ত্রিপুরায় বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপি এগিয়ে রয়েছে ২৭টি আসনে। এদিকে বাম-কংগ্রেস জোট রীতিমত টক্কর দিতে শুরু করেছে গেরুয়া শিবিরকে। বাম-কংগ্রেস জোট এগিয়ে গিয়েছে ২১টি আসনে। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মানিক সাহাকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস প্রার্থী। এদিকে ত্রিপুরায় এখনও খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। তিপ্রামোথা এগিয়ে রয়েছে ১২টি আসনে।

ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াই
ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি আর বাম-কংগ্রেস জোটের। বিজেপিকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাম-কংগ্রেস জোট। ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসনের মধ্যে বিজেপি জোট এগিয়ে রয়েছে ২৭টি আসনে। বাম-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ২২ টি আসনে। অর্থাৎ প্রায় অধিকাংশ কেন্দ্রেই বিজেপিকে টক্কর দিতে শুরু করেছে বাম-কংগ্রেস জোট প্রার্থীরা। এবার একক লড়াইয়ের পথে ত্রিপুরায় হেঁটেছে গেরুয়া শিবির।

পিছিয়ে মানিক সাহা
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মানিক সাহা। ভোেটর কয়েক মাস আগেই বিল্পব দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিল বিজেপি। ২০২৩-র বিধানসভা ভোটেও মানিক সাহাকে মুখ করেই ত্রিপুরা প্রচার চালিয়েছে বিজেপি। সেই প্রচারের পরেও মানিক সাহার ভোট ব্যাঙ্ক ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ প্রথম রাউন্ডের গণনার শেষে পিছিয়ে গিয়েছেন তিনি। কংগ্রেসের আশিস সাহা প্রথম থেকেই তাঁকে কড়া টক্কর দিচ্ছিলেন। এবার পিছিয়ে পড়েছেন মানিক সাহা। এগিয়ে গিয়েছেন কংগ্রেসের জোট প্রার্থী আশিস সাহা।

বড় ফ্যাক্টর হতে চলেছে তিপ্রামোথা
বাম-কংগ্রেস থেকে বিজেপি কারোর সঙ্গেই জোট হয়নি। ভোটের আগে সব রাজনৈতিক দলই তিপ্রামোথার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে কিন্তু কোনও সুবিধাজনক সমাধানে তাঁরা আসতে পারেননি। তবে তিপ্রামোথা প্রধান প্রথম থেকেই দাবি জা নিয়েছিলেন তাঁরা এবারের ভোটে বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছেন। সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে প্রথম রাউন্ডের গণনার ফলাফল। তিপ্রামোথা ১২টি আসনে এগিয়ে রয়েছে ত্রিপুরায়। ফলাফল যদি ত্রিশঙ্কু হয় তাহলে তিপ্রামোথারা সরকার গঠনে বড় ভূমিকা নেবে তাতে কোনও সন্দেহ নেই।

খাতা খোলেনি তৃণমূল কংগ্রেস
একুশের ভোটের পর সর্বভারতীয় স্তরে যখন লড়াইয়ের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। তখন সবার প্রথমে ত্রিপুরায় সংগঠনের বিস্তার শুরু করেছিল তারা। কিন্তু দেখা যাচ্ছে সর্বশক্তি দিয়ে ত্রিপুরায় প্রচার চালিয়েও কোনও লাভ হয়নি ত্রিপুরায় দফায় দফায় প্রচার চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাবর নেতারা হত্যে দিয়ে পড়ে থেকেছেন সেখানে। কিন্তু তাতে কোনও লাভ হল না। এখনও সেখানে খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস।
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications