মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন! রাজ্য জয়ে বিজেপির 'প্রচারের সুর' বেঁধে দিলেন অমিত শাহ
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রচারের সুর বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রচারের সুর বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রবিবার প্রচার গিয়ে তিনি জানিয়ে দেন, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে কেন্দ্রের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের গণভোট হিসেবে। সংবিধানের ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। অগাস্টের প্রথম সপ্তাহে আইন পাশ করিয়ে এই ধারা বাতিল করে দেয় কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার।

৩৭০ ধারা নিয়ে 'গণভোট' মহারাষ্ট্রে
মুম্বইয়ে এক নির্বাচনী সভায় অমিত শাহ বলেন, ৩৭০ ধারা বাতিলের পর এটাই প্রথম ভোট। তিনি চান মহারাষ্ট্রের মানুষ ঠিক করুন, কাকে সমর্থন করতে চান। এই ভোটকে গণভোট বলেও ব্যাখ্যা করেন তিনি। তিনি আশাপ্রকাশ করেন দেবেন্দ্র ফড়নবীশ ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসবেন।

দলীয় কর্মীদের নির্দেশ
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান নিয়ে তিনি বিজেপি কর্মীদেরকে বলেন, ভোটদাতাদের সচেতন করতে। তিনি বলেন, বিজেপি কর্মীরা প্রত্যেক বাড়িতে গিয়ে ৩৭০ ধারা বাতিলের কারণ ব্যাখ্যা করুন। এটা করা হয়েছে, কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করতেই। বলেছেন অমিত শাহ। ভোটারদের কাছে তাঁর আবেদন, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে বিরোধিতার কারণে কংগ্রেস ও এনসিপিকে ছুঁড়ে ফেলে দিন।
এনসিপি নেতা শারদ পাওয়ার এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে ৩৭০ ধারা নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানান। তিনি দাবি করেন, ৫ অগাস্ট থেকে সেখানে একটি বুলেটও খরচ হয়নি। কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

মহারাষ্ট্রে নির্বাচন ২১ অক্টোবর
নির্বাচন কমিশন মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে। ২১ অক্টোবর হবে নির্বাচন। আর গণনা ২৪ অক্টোবর। লোকসভার মতোই বিধানসভাতেও জয় আসবে বলেই মনে করছে বিজেপি।












Click it and Unblock the Notifications