২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে
২০১৯ লোকসভা নির্বাচনে জাতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বেই লড়বে বিজেপি।
২০১৯ লোকসভা নির্বাচনে জাতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বেই লড়বে বিজেপি। এদিন দলের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে এদিন এই মর্মে সিদ্ধান্ত হয়ে গেল। যার ফলে দলের অভ্যন্তরীণ ভোটাভুটি পিছিয়ে দেওয়া হল। ২০১৯ সালের জানুয়ারি মাসে অমিত শাহের সভাপতি হিসাবে মেয়াদ শেষ হচ্ছে। তারপরই ভোটাভুটি হওয়ার কথা ছিল।

বিজেপির কার্যকরী কমিটির বৈঠকে মূলত দুটি আঙ্গিক রয়েছে। প্রথমত, জ্বালানি ও দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার বিরুদ্ধে দেশ জুড়ে তৈরি হওয়া ক্ষোভ সামাল দেওয়া ও অন্যদিকে ২০১৯ লোকসভা ভোটের রণকৌশল তৈরি করা।
একটি রোডম্যাপ তৈরি হয়ে গিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তো বটেই, দলের রাজ্য নেতৃত্বকেও সেই নকশা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। বিরোধীরা মিথ্যার জাল ছড়াচ্ছে। তার বিরুদ্ধে লড়াই করতেই কোমর বেঁধে নেমে পড়তে হবে সবাইকে। সেপ্টেম্বরের ১৫ তারিখ তেলাঙ্গানায় মেহবুবনগরে প্রচারের মাধ্যমে লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবেন অমিত শাহ।
এদিন শনিবার বিভিন্ন রাজ্যের বিজেপি নেতৃত্ব ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে 'অজেয় বিজেপি' স্লোগান তোলা হয়েছে। আসন্ন পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটে বিজেপি যাতে জয় পায় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে ভোট তো বটেই পাশাপাশি তেলাঙ্গানার ভোট নিয়েও অতিরিক্ত জোর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এদিন জোর গলায় অমিত শাহ জানিয়ে দিয়েছেন, ২০১৯ সালের ভোটে বিজেপি ফের একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। বিজেপির বৈঠকে সঙ্কল্প করা হয়েছে যাতে বিজেপি ফের একবার শুধু ক্ষমতায় আসা নয়, ২০১৪ সালের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে। গত লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসে। সেটারই পুনরাবৃত্তি করতে মরিয়া অমিত শাহরা।












Click it and Unblock the Notifications