তামিলনাড়ুতে চার দলের মহাজোট গড়ছে বিজেপি, বড় ধাক্কা কং-ডিএমকে জোটকে
দক্ষিণের রাজ্যে শুধু বিজেপি-এআইএডিএমকে-র নয়, আরও দুটি দল মিলে মোট চারটি দলের জোট হতে চলেছে।
বৃহস্পতিবার শোনা গিয়েছিল, তামিলনাড়ুতে এআইএডিএমকে দলের সঙ্গে জোট করে লোকসভা নির্বাচনে লড়তে চলেছে বিজেপি। এদিন জানা গেল, দক্ষিণের এই রাজ্যে শুধু বিজেপি-এআইএডিএমকে-র নয়, আরও দুটি দল মিলে মোট চারটি দলের জোট হতে চলেছে।

তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে বিজেপির সঙ্গে জোট বেঁধে লোকসভা ভোটে লড়তে চলেছে বলে ইঙ্গিত দেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে কোঅর্ডিনেটর ও পন্নিরসেলভম। এখন খবর, সেই জোটে যোগ দিতে চলেছে ডিএমডিকে ও পিএমকে-ও। এআইএডিএমকে সাংসদ আর বৈতিলিঙ্গম এই ইঙ্গিত দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার ডিএমডিকে দলের নেতা এলকে সতীশ জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। ফলে বোঝাই যাচ্ছে বিজেপিকে সামনে রেখেই সকলে জোটবদ্ধ হতে চলেছে ডিএমকে-কংগ্রেস জোটের বিরুদ্ধে।
পন্নিরসেলভম আগেই বলেছেন, কংগ্রেস ও ডিএমকে জোট বেঁধে ফেলেছে। তা ঘোষণাও হয়ে গিয়েছে। ফলে এআইএডিএমকে একা নির্বাচনে লড়বে না।
ঘটনা হল, নরেন্দ্র মোদীর কন্যাকুমারী যাওয়ার কথা ছিল ১৯ ফেব্রুয়ারি। তবে তা পিছিয়ে ১ মার্চ হয়ে গিয়েছে। তার মধ্যেই এই চার দল জোটের সমঝোতা করে মোদীর সফরের সময় তা আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে বলে আন্দাজ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications