হিন্দু ধর্মে পৌষ মাসে বিয়ে হয় না, তাই পৌষ মাসেই গুজরাটে নির্বাচনের দাবি বিজেপির
হিন্দু ধর্মে পৌষ মাসে কোনও বিয়ে হয় না, তাই ওই সময়েই গুজরাটে নির্বাচন করানো হোক, নির্বাচন কমিশনের কাছে এমনই দাবি রাখল বিজেপি
হিন্দু ধর্মে পৌষ মাসে কোনও বিয়ে হয় না, তাই ওই সময়েই গুজরাটে নির্বাচন করানো হোক। নির্বাচন কমিশনের কাছে এমনই দাবি রাখল বিজেপি। ১৪ই ডিসেম্বর থেকে ১৪ই জানুয়ারির মধ্যে যদি নির্বাচন হয় তাহলে অনেক বেশি মানুষ ভোট দিতে পারবে বলে কমিশনকে স্মারকলিপি দিয়ে জানিয়েছে বিজেপি। এছাড়াও নির্বাচন সংক্রান্ত আরও কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে স্মারকলিপিতে।

বিজেপির দাবি, বিয়ের মরসুমে হিন্দু ধর্মে প্রত্যেকদিন প্রচুর সংখ্যায় বিয়ে হয়। ফলে বিয়ের মরসুমে যদি ভোট হয়,তাহলে নানা ব্যস্ততার কারণে অনেকেই ভোট দিতে যেতে পারেন না। অনেক সময় বিয়ের তারিখে ভোট পড়ে যাওয়ায় বর- কনে কেউই ভোট দিতে পারেন না। সেকারণেই ডিসেম্বর মাসের ১৪ তারিখ থেকে জানুয়ারির মাসের ১৪ তারিখের মধ্যে গুজরাটে ভোট করালে অনেক বেশি মানুষ ভোট দিতে পারবেন, কারণ পৌষ মাস হওয়ায় ওই সময়ে হিন্দু ধর্মে কোনও বিয়ে হয় না।
পাশাপাশি নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়ে বিজেপির পরামর্শ, বুথ থেকে রাজনৈতিক দলের অস্থায়ী শিবিরের দূরত্ব ২০০ মিটার থেকে কমিয়ে ৫০ থেকে ১০০ মিটার করা হোক। বিজেপির যুক্তি, আজকের দিনে শহরাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব এতটাই বেশি, যে সেখানে অস্থায়ী পার্টি অফিস তৈরি করা সহজ নয়। সেইসব জায়গায় বাড়ি-ঘর এতটাই কাছাকাছি থাকে যে সেভাবে ২০০ মিটার মেপে অস্থায়ী পার্টি ক্যাম্প তৈরি করা যায়না অনেকক্ষেত্রেই।
সেইসঙ্গে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন আইন- কানুন ও তথ্য-নথির জন্য সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করারও পরামর্শ দিয়েছে বিজেপি। তবে গুজরাটে নির্বাচনের দিন ঘোষণার আগে নির্বাচন কমিশনকে সর্বদল বৈঠক ডাকারও পরামর্শ দেওয়া হয়েছে স্মারকলিপিতে।












Click it and Unblock the Notifications