Rahul Gandhi: রাষ্ট্রীয় শোক ভুলে বর্ষবরণ উদযাপনে ভিয়েতনামে রাহুল! বিজেপি অভিযোগ আনতেই পাল্টা বিঁধল কংগ্রেস
BJP vs Rahul Gandhi: মনমোহন সিংয়ের মৃত্যুর (Manmohan Singh last rites) পর রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে দেশজুড়ে। এরই মাঝে ভিয়েতনামে উড়ে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার এমনই দাবি তুলে কংগ্রেকে তুলোধনা করল বিজেপি।
বিজেপির অভিযোগ, ৭ দিনের জাতীয় শোকের (National Mourning) মাঝেই বর্ষবরণ উদযাপনে ভিয়েতনাম পাড়ি দিয়েছেন রাহুল। পাল্টা জবাব দিল কংগ্রেসও (Congress)। গত শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে।

দিল্লির কাশ্মীরি গেটে নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় মনমোহন সিংয়ের। সোমবার এক্স হ্যান্ডেলে রাহুল-সহ কংগ্রেসকে বিঁধে পোস্ট করেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য (Amit Malviya)। তাঁর দাবি, রাহুল নিজের স্বার্থের জন্য মনমোহন সিংয়ের মৃত্যু নিয়ে সস্তা রাজনীতি করেছেন।
অমিত মালব্য লেখেন, "মনমোহন সিংয়ের মৃত্যুতে যখন গোটা দেশ শোক পালন করছে, তখন বর্ষবরণ উদযাপনে ভিয়েতনামে উড়ে গিয়েছেন রাহুল গান্ধী। মনমোহন সিংয়ের মৃত্যু নিয়ে সস্তা রাজনীতি করেছেন। সমবেদনা জানানোরও অযোগ্য উনি। আসলে শিখদের ঘৃণা করে গান্ধী পরিবার ও কংগ্রেস। ভুলে যাবেন না, ইন্দিরা গান্ধী দরবার সাহিবকে অপবিত্র করেছিলেন।"
বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর ওই পোস্টের জবাবে লেখেন, "আর কতদিন পর সঙ্ঘীরা এই নজর ঘোরানোর রাজনীতি বন্ধ করবে? মোদী যেভাবে যমুনার তীরে ডঃ সাহেবের শেষকৃত্য করতে বাধা দিয়েছেন ও মোদীর মন্ত্রীরা যেভাবে মনমোহনের পরিবারকে অপমান করেছে, তা লজ্জাজনক। রাহুল গান্ধী যদি ব্যক্তিগত কাজে ভিয়েতনামে সফরে গিয়েই থাকেন, তাহলে বিজেপির আপত্তি কোথায়? নতুন বছরে আপনাদের সুস্থতা কামনা করি।"
প্রসঙ্গত, মনমোহন সিংয়ের মৃত্যুর পর থেকেই রাজনীতির অভিযোগে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ও কংগ্রেস। মনমোহন সিংয়ের শেষকৃত্যের পর তার অস্থি বিসর্জনের সময় কংগ্রেসের কাউকে দেখা যায়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। এদিকে কংগ্রেসের পাল্টা দাবি, মনমোহন সিংয়ের পরিবারের ব্যক্তিগত অধিকারকে অসম্মান না করতেই পরিবারের সঙ্গে যাননি কংগ্রেসের নেতারা।
শনিবার মনমোহন সিংয়ের শেষকৃত্য থেকেই অভিযোগ পাল্টা অভিযোগের খেলায় মেতে আছে কংগ্রেস ও বিজেপি। মনমোহন সিংয়ের শেষকৃত্য সঠিক স্থানে বলে দাবি কংগ্রেসের। পাশাপাশি শেষকৃত্যের সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারকেও অবজ্ঞা করা হয়েছে বলে দাবি হাত শিবিরের।
যদিও বিজেপি গোটাটাই সস্তার রাজনীতি বলে পাল্টা কটাক্ষ করেছে। আর এবার শোক সপ্তাহের মাঝে রাহুল গান্ধীর ভিয়েতনাম উড়ে যাওয়া নিয়ে ফের একবার সমালোচনার মুখে পড়ল কংগ্রেস।












Click it and Unblock the Notifications