প্রথমে বিপক্ষে থেকেও পরে হঠাৎ ১৮০ ডিগ্রি ঘুরল বিজেডি, সমর্থন জানাল ওয়াকফ সংশোধনী বিলকে
ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রথমদিকে বিলের বিরুদ্ধে অবস্থান নিলেও, পরে বিজু জনতা দল (বিজেডি) হঠাৎ করে অবস্থান বদল করে রাজ্যসভায় তাদের সাংসদদের স্বাধীনভাবে ভোট দেওয়ার নির্দেশ দেয়। দলের সাংসদ সস্মিত পাত্র বৃহস্পতিবার বলেন, "বিজেডি সর্বদা ধর্মনিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তির নীতিগুলিকে সমর্থন করেছে"। তাহলে হঠাৎ কেন এই পরিবর্তন?
বুধবার দীর্ঘ বিতর্কের পর লোকসভায় ২৮৮ ভোটে বিলটি পাস হয়। ২৩২টি ভোট পড়ে এর বিপক্ষে। বিজেপি ও তার মিত্ররা বিলের পক্ষে অবস্থান নিলেও, বিরোধী দলগুলোর অভিযোগ "এটি সংখ্যালঘুদের অধিকার সংকুচিত করবে"।

রাজ্যসভায় বিলটি উপস্থাপনের সময়, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "এই বিল মুসলিম মহিলাদের ক্ষমতায়ন এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য আনা হয়েছে"। তিনি আরও বলেন, "ওয়াকফ বোর্ডের স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর জন্যই এই সংশোধন"।
আর এই সবের পরই হঠাৎ সুর বদলান নবীন পট্টনায়েক। প্রথমদিকে সংখ্যালঘুদের উদ্বেগের প্রতি সমর্থন জানিয়ে বিজেডি বিরোধীদের সুরে কথা বললেও, পরে দলটি হঠাৎ ইউ-টার্ন নিয়ে জানায়, রাজ্যসভায় তারা কোনো হুইপ জারি করেনি। বিজেডি সাংসদ সস্মিত পাত্র X হ্যান্ডেলে জানান, "আমাদের দল রাজ্যসভায় আমাদের সদস্যদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে"।
আর এখানেই প্রশ্ন ওঠে, তাহলে কি লোকসভায় বিজেডির বিবেক জাগেনি। তাহলে কেন তারা বিজেপি বিরোধীদের সমর্থন করেছিলেন? যদিও এর কোনও ব্যাখ্যা কারোর কাছ থেকেই মেলেনি। তবে তাঁদের হঠাৎ এই সুর বদল, ওয়াকফ সংশোধনী বিলের উত্তেজনায় বাড়তি উত্তেজনা যোগ করেছে।
অন্যদিকে, এদিন ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় বিরোধী দলের সাংসদরা কালো পোশাক পরে সংসদে প্রতিবাদ জানান। ইন্ডিয়া জোটের সদস্যরা বিলটিকে "সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ" বলে দাবি করেন। যদিও বিজেপির দাবি, এই বিল ওয়াকফ বোর্ডের কার্যকারিতা বাড়াবে এবং রেকর্ড ব্যবস্থাপনার উন্নতি করবে।
এদিন সংসদে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জিরো আওয়ারের সময়সীমা পাঁচ ঘণ্টারও বেশি বাড়ানো হয়, যেখানে ২০২ জন সাংসদ তাদের উদ্বেগ প্রকাশ করেন। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংসদে টানটান উত্তেজনার মধ্যেই আগামী দিনে এ নিয়ে রাজনৈতিক সঙ্কট আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications