এনডিএ-র সঙ্গে নীতীশ কুমারের সখ্যতা! নিজের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বললেন, আপনি জানেন...
লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নীতীশ কুমার বিরোধী দলগুলিকে একত্রিত করেছেন। পটনায় বিরোধী দলগুলির প্রথম সভা বসেছিল। এসবের মধ্যেও বারে বারে আলোচনায় উঠে আসছে নীতীশ কুমার আবারও এনডিএ-র সঙ্গে যেতে পারেন। এদিন সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের অবস্থান স্পষ্ট করেছেন নীতীশ কুমার।
আপনি কি এনডিএ-র দিকে ঝুঁকে পড়েছেন, এই প্রশ্নের উত্তরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই কথাকে অসার কথা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিরোধী দলগুলিতে ঐক্যবদ্ধ করতে তারা কতটা কাজ করেছেন। তারপরেও এই ধরনের প্রশ্নে তার কিছু করার নেই।

এদিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন নীতীশ কুমার। পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিকে ইঙ্গিত করে বলেন, মঙ্গলবার তিনি বাইরে যাবেন। তাই এদিনই মন্ত্রিসভার বৈঠকের আয়োজন। মন্ত্রিসভা সম্প্রসারণ প্রসঙ্গে নীতীশ কুমার বলেন, তাঁকে এই ধরনের প্রশ্ন না করেতেজস্বী যাদবকে করলেই ভাল হয়।
পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপনের পরে নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর বাসভবনে ফিরে যান। মন্ত্রিসভার বৈঠক হবে সেখানে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে আরও মজবুত করতে বৈঠক শুরু হয়।
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন শুধু এদিনই নয়, মাস তিনেক আগেও নীতীশ কুমারের এনডিএ-তে ফিরে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারির অভিযোগে চার্জশিট দাখিল করে সিবিআই। তারপরেই নীতীশ কুমারের ফের জোটবদলের জল্পনা তীব্র হয়ে উঠেছিল।
উল্লেখ করা যেতে পারে দলবদল নীতীশ কুমারের ট্র্যাক রেকর্ড জ্বলজ্বল করছে। ২০১৩-তে বিজেপি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পরেই তিনি এনডিএ ছাড়েন। ২০১৯-এ মহাগোটবন্ধন থেকে এনডিএতে যান। আবার ২০২২-এ এনডিএ থেকে ফের মহাগোটবন্ধনে যোগ দেন।












Click it and Unblock the Notifications