বারবার জোটবদলু নীতীশ ফের মোদীর সঙ্গে একমঞ্চে থাকবেন বিহারে? দুই-একদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা
বিহারে রাজনৈতিক সংকট চূড়ান্ত পর্যায়ে। এদিন বিহারের মহাজোটের অন্যতম বড় অংশীদার আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে। সূত্রের খবর, দু-এক দিনের মধ্যে নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন নীতীশ কুমার। তখনই জানা যেতে পারে, বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বর্তমান সরকার থাকছে না, তিনি এনডিএতে পিরে যাচ্ছেন।
লালন সিংয়ের হাত থেকে দলের নেতৃত্ব নীতীশ কুমার নিজের হাতে নেওয়ার পর থেকে তাঁর এনডিএ-তে যোগ দেওয়ার জল্পনা তীব্র হয়েছিল। সেই সময় জেডিইউ-এর তরফে সব জল্পনা উড়িয়ে দেওয়া হলেও, বিহারে কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার পর থেকে নীতীশ কুমারের জোট পরিবর্তনের জল্পনা আবারও তীব্র হতে শুরু করেছে।

উল্লেখ করা প্রয়োজন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ও নীতীশ কুমারের জেডিইউ একসঙ্গে লড়াই করেছিল। পরবর্তী সময়ে নীতীশ কুমার এনডিএ ছেড়ে বিহারের মহাজোটে যোগ দেন। সম্প্রতি নীতীশ কুমার স্বজনপ্রীতি নিয়ে এক বিবৃতি দেন। তারপরেই লালু যাদবের কন্যা রোহিণীর সোশ্যাল মিডিয়া পোস্ট আরজেডি ও জেডিইউ-এর মধ্যে সম্পর্ককে উসকে দেয়। যদি রোহিণী সেই পোস্টটি মুছে দেন। বিজেপিও সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে আরজেডিকে নিশানা করে।
এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক সাক্ষাৎকার এই জল্পনাকে উসকে দেয়। জেডিইউ-এর এনডিএ-তে ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেছিলেন, এই জাতীয় প্রস্তাব করা হলে দল বিবেচনা করে দেখবে। যদিও নীতীশ কুমার যখন শেষবার এনডিএ ছেড়ে মহাজোটে যোগ দিয়েছিলেন, সেই সময় অমিত শাহই বলেছিলেন, নীতীশ কুমারের এনডিএ-তে ফিরে আসার দরজা বন্ধ।
এদিকে বিহারের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পারেন। নীতীশ কুমার আবারও জোট পরিবর্তন করে বিজেপির সঙ্গী হতে পারেন, সেই জল্পনা তৈরি হতেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চভাগের প্রসঙ্গ এসেছে।
অন্যদিকে, বিজেপি বিহারে নীতীশ কুমারের সঙ্গে আবারও জোট করতে তৈরি। সেক্ষেত্রে তারা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার শর্ত দিয়েছে বলে সূত্রের খবর। কারণ বিজেপি নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি নয়।
প্রসঙ্গত ২০২০-র বিধানসভা নির্বাচনে ৭৪ টি আসন পেয়ে তৎকালীন এনডিএ জোটের বড় দল হয়েও বিজেপি মাত্র ৪৩ আসন পাওয়া জেডিইউকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয়। যার জেরে নীতীশ কুমার ফের বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসেন। তারপর অবশ্য নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির সঙ্গে হাত মেলান।












Click it and Unblock the Notifications