বিজেপির জোটে ফের ভাঙনের ইঙ্গিত! মোদীর ঘুম ছুটিয়ে অস্বস্তি বাড়িয়ে দিলেন নীতীশ
নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়ে দিলেন জোট শরিক নীতীশ কুমার। লোকসভা ভোটের প্রাক্কালে কি তবে ফের পাল্টি খেতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী!
নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়ে দিলেন জোট শরিক নীতীশ কুমার। লোকসভা ভোটের প্রাক্কালে কি তবে ফের পাল্টি খেতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী! দিল্লির রাজনীতিতে যখন বিজেপি বিরোধী জোট গড়ার প্রস্তুতি চলছে, তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাঁকা কথায় অন্য ইঙ্গিত পেতে শুরু করেছে রাজনৈতিক মহল।

এদিন কেন্দ্রীয় শাসক দল বিজেপির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে জল্পনা বাড়ালেন তিনি। বিজেপির অস্তস্তি বাড়ানোর খাতায় নবতম সংযোজন হলেন নীতীশ। তিনি প্রশ্ন তুললেন নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে। তিনি এমনও বললেন, কেন্দ্রের এই পদক্ষেপের সমর্থক ছিলেন ঠিকই, কিন্তু কজন মানুষ এই নোট বাতিলের সুফল পেয়েছেন!
বিহারে বিজেপি বিরোধী মহাজোটের তিনিও ছিলেন এক শরিক। রাহুল গান্ধী আরজেডির লালুপ্রসাদ যাদব ও জেডিইউ-এর নীতীশকুমারকে এক ছাতার তলায় এনে ২০১৪ সালের পর প্রথম মোদীর বিজয়রথ থামিয়ে দিয়েছিলেন। লালুপ্রসাদের দলের সমর্থন নিয়ে বিজেপি-বিরোধী মহাজোটের সরকার গড়ে তুলেছিলেন বিহারে।
তারপর অনেক রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। লালুপ্রসাদের বিরুদ্ধে ফের পশুখাদ্য কেলেঙ্কারি মামলার দায় চেপেছে। নীতীশও শিবির বদল করে বিজেপির হাত ধরেছে। তারপর নীতীশের দলেও ভাঙন স্পষ্ট হয়েছে। এক পক্ষ ইউপিএ-র সঙ্গে পথ চলা পছন্দ করছে, অন্যপক্ষ নীতীশের সঙ্গে এনডিএ-তে।
কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক্কালে এনডিএ সরকারের চতুর্থবর্ষপূর্তির দিনেই ফের অন্য সুরে বাজতে শুরু করলেন বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমার। তবে কি বিজেপির সঙ্গ ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি? এদিন নজিরবিহীনভাবে নোট বাতিলের সমালোচনা করে ধোঁয়াশা তৈরি করলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি এমনও অভিযোগ করেন, নোট বাতিলেও স্পষ্ট ব্যাঙ্কগুলি ধনীদের মাথাতেই হাত রেখেছে। গরিবদের জন্য কোনও সুবিধাই হয়নি।
অথচ মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে প্রথম সমর্থন জানিয়েছিলেন তিনিই। এই পদক্ষেপকে সাহসী পদক্ষেপ বলতেও দ্বিধা করেননি তিনি। কিন্তু বছর দুয়েকের মধ্যেই নিজের ধ্যান ধারণা থেকে সরে এসে বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে সমালোচনা করলেন। ফলে বিহারেও মাথাচাড়া দিল নয়া জল্পনা।
এর আগে বিজেপির জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে শিবসেনা ও টিডিপি। এবার কি তবে নীতীশের জনতা দল ইউনাইটেডের পালা। সম্প্রতি কর্ণাটকের নির্বাচনের পর বিভিন্ন রাজ্যেই অন্যরকম হাওয়া তৈরি হয়েছে। এমনকী কংগ্রেস-জেডিএস জোট ঘোষণার পরও বৃহত্তম দল হিসেবে বিজেপি সরকার গড়ার চেষ্টাতে বিহারেও সরকার গঠনের দাবি জানায় লালু-পুত্র তেজস্বীযাদব। সেই আঙ্গিকেও নীতীশের এই বার্তা নতুন করে জল্পনা সৃষ্টি করে। সম্প্রতি লালু-পুত্রের বিয়ের অনুষ্ঠানে নীতীশকে যেভাবে দেখা গিয়েছে তাতে বিজেপির ঘুম ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications