বাবার পরিচয় ছেড়ে তৈরি করেছেন নিজের ঘরানা, আচমকাই নবীনের প্রশংসায় পঞ্চমুখ নীতীশ
বাবার পরিচয় ছেড়ে তৈরি করেছেন নিজের ঘরানা, আচমকাই নবীনের প্রশংসায় পঞ্চমুখ নীতীশ
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলা হোক বা অলিম্পিকে ভারতীয় হকি টিমের দুর্দান্ত সাফল্য, সব কিছুর পিছনেই বারেবারে ঘুরেফিরে এসেছে একটি মানুষের নাম। আর তিনি হলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এবার সেই নবীনকে নিয়েই 'ইণ্ডিয়া টুডে’-তে কলম ধরলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

কীভাবে সফল নবীন ম্যাজিক ?
রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও বিভিন্ন ক্ষেত্রে বারবারই একই মঞ্চে দেখা গিয়েছে নবীন-নীতীশকে। ইন্ডিয়া টুডের কলমেও সেই অভিজ্ঞতা নিয়ে একাধিক বক্তব্য তুলে ধরলেন তিনি।নীতীশের কথায়, নবীন তাঁর স্বভাবের প্রতি সৎ। তাঁর হাত ধরেই ওড়িশায় এসেছে একাধিক যুগান্তকারী পরিবর্তন। সেটা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে লড়াই হোক বা খেলাধুলা, পর্যটন প্রতিক্ষেত্রেই নীতীশের নেতৃত্বে ছুটেছে উন্নয়নের বিজয়রথ।যা আজও কেউ থামাতে পারেনি। আর এখানেই সফল নবীন ম্যাজিক।

নবীনের প্রশংসায় পঞ্চমুখ নীতীশ
ওই কলমেই নীতীশ আরও লেখেন, নবীন পট্টনায়কের সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি এমন একজন সফল রাজনীতিবিদ, যাকে সহজেই তাঁর কাজের জন্য অন্যদের থেকে আলাদা করা যায়। নিপীড়িতদের উন্নয়নের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি, ন্যায়বিচারের সাথে উন্নয়নের জন্য তাঁর অভিমুখ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তাঁর শ্রদ্ধা সবসময় সকলের কাছে প্রশংসিত হয়েছে।

বাবার পরিচয় ছেড়ে তৈরি করেছেন নিজের ঘরানা
নীতীশ আরও লেখেন, যখন তিনি রাজনীতিতে প্রবেশ করেন, তখন সর্বদাই তাঁর সঙ্গে তাঁর বাবার পরিচয় জুড়ে দেওয়া হত। সহজ ভাবে "বিজু বাবুর" পুত্রের পরিচয় নিয়েই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। তবে গত ২৪ বছরে, তিনি নিজের জন্য একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছেন। মানুষ সাধারণত ক্ষমতা এবং সময়ের সাথে পরিবর্তিত হয়। কিন্তু তিনি তা হননি। নবীন বাবু যাকে আমি অতীতে দেখেছি আজও তিনি একই রয়েছেন। রাজ্য এবং দেশের উন্নতিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

আমি নির্বাচনের জন্য নয়, মানুষের জন্য কাজ করি
ইন্ডিয়া টুডের ওই কলমেই নীতীশ বলেন, দেখবেন মানুষ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে চলেছে কিভাবে শ্রী নবীন পট্টনায়ক রাজনীতিতে এত সফল হয়েছেন। আমি মনে করি তিনি তার একটি সাক্ষাৎকারে উত্তর দিয়েছিলেন যেটি আমি উদ্ধৃত করছি - "আমি নির্বাচনের জন্য নয়, মানুষের জন্য কাজ করি।" তিনি ওড়িশার মানুষকে বোঝাতে পেরেছেন যে তারা তার পরিবার। আর সেই কারণেই তিনি নির্বাচনের পর নির্বাচন বৈতরণী সহজে পার করতে থাকেন। তার কাজ তার শব্দের চেয়ে অনেক জোরে কথা বলে।












Click it and Unblock the Notifications