Prashant Kishor: গদি বাঁচানোর কৌশল জানেন, বিহারের উপনির্বাচনে জয়ের খাতাই খুলতে পারল না সেই প্রশান্ত কিশোরের দল
Prashant Kishor: গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন আনুষ্ঠানিকভাবে নিজের দল ঘোষণা করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। নাম দিয়েছিলেন জন সুরজ পার্টি (Jan Suraaj Party)। বিহারের উপনির্বাচনেই (Bihar Bypolls) প্রথম চার আসনে প্রার্থী ঘোষণা করেন তিনি। শনিবার ফলাফল বের হতেই দেখা গেল, চারটির কোনওটিতেই জয়ের খাতা খুলতে পারেনি প্রশান্ত কিশোরের দল।
২০২৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election 2025) ২৪৩টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর। তার আগে বিহারের উপনির্বাচন ছিল যোগ্যতা অর্জনের পরীক্ষা (Litmus Test)। কিন্ত সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারল না প্রশান্ত কিশোরের জন সুরজ দল।

বিহারের ইমামগঞ্জ আসনে জিতেন্দ্র পাসওয়ান, বেলাগঞ্জ আসনে মহম্মদ আমাজাদ, রামগড় আসনে সুশীল কুমার ও তরারি আসনে কিরণ সিংকে প্রার্থী করেছিল প্রশান্ত কিশোরর দল। চার আসনেই বড় ব্যবধানে হেরে গিয়েছে প্রার্থীরা। রামগড় ও তরারিতে জিতেছে বিজেপি, বেলাগঞ্জে জেডিইউ ও ইমামগঞ্জে হিন্দুস্তানি আওয়াম মোর্চা জয় পেয়েছে।
প্রথমেই আসা যাক ইমামগঞ্জে (Imamganj bypoll result)। সেখানে প্রশান্ত কিশোরের প্রার্থী জিতেন্দ্র পাসওয়ান তৃতীয় স্থানে রয়েছেন। ৩৭ হাজার ১০৩টি ভোট পেয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝির পূত্রবধূ দীপা মাঁঝি ৫৩ হাজার ৪৩৫ ভোট পেয়ে এখান থেকে জয়ী হয়েছেন।
বেলাগঞ্জেও (belaganj bypoll result) প্রশান্তর দলের প্রার্থী মহম্মদ আমজাদ তৃতীয় স্থানে রয়েছে। ১৭ হাজার ২৮৫টি ভোট পেয়েছেন তিনি। ৭৩ হাজার ৩৩৪টি ভোট পেয়ে এই আসনে জয়ী হয়েছেন জেডিইউয়ের প্রার্থী মনোরমা দেবী। রামগড়ে আরও সমীচির অবস্থা প্রশান্তর দলের। মাত্র ৬ হাজার ৫১৩টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে জন সুরজ দলের সুশীল কুমার সিং।
রামগড়ে (Ramgarh bypoll result) ৬২ হাজার ২৫৭টি ভোট পেয়ে জিতেছেন বিজেপির অশোক কুমার সিং। তরারি আসনে (Tarari bypoll result) ৫ হাজার ৫৯২টি ভোট পেয়ে প্রশান্তর প্রার্থী কিরণ সিং তৃতীয় স্থানে রয়েছেন। ৭৮ হাজার ৫৬৪টি ভোট পেয়ে প্রাক্তন বিধায়ক সুনীল পাণ্ডের ছেলে তথা বিজেপি প্রার্থী বিশাল প্রশান্ত এই আসনে জয়ী হয়েছেন।
বিগত ১০ বছর ধরে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন দলের হয়ে ভোটকুশলীর (Poll Strategist) কাজ করেছেন প্রশান্ত কিশোর। ভোটে জয়ের কৌশল বাতলে দিয়েছেন। আর এবার নিজেরই রাজনৈতিক দল চালুর সিদ্ধান্ত নেন প্রশান্ত কিশোর। তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছতে লাগাতার প্রচার চালিয়েছেন তিনি। উপনির্বাচনের ফলাফল বিবেচনা করে বিধানসভায় কী রণনীতি নেন প্রশান্ত কিশোর, তাই এখন দেখার।












Click it and Unblock the Notifications