বিহার বিধানসভা নির্বাচন ২০২০: জোট নিয়ে নীতীশকে 'সাফ' বার্তা দিয়ে রাখলেন অমিত শাহ
বিহার বিধানসভা নির্বাচন ২০২০: জোট নিয়ে নীতীশকে 'সাফ' বার্তা দিয়ে রাখলেন অমিত শাহ
প্রসঙ্গ ছিল সিএএ। যা নিয়ে কয়েকদিন আগেই বিহার বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উস্কে নীতীশের জেডিইউয়ের নেতা প্রশান্ত কিশোর বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। পাল্টা তোপ দাগতে ছাড়েননি বিহার বিজেপির নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। এমন পরিস্থিতিতে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ জোট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তা নিয়েই এবার মুখ খুললেন অমিত শাহ।

অমিত শাহের বার্তা বিহারের মাটি থেকে
এদিন বিহারের এক সভায় গিয়ে অমিত শাহ বলেন, 'আমি একটি জল্পনাকে নস্যাৎ করতে চাই। সেটা আমাদের জোট নিয়ে (জেডিইউ -এর সঙ্গে) । নির্বাচন নীতীশ কুমারের নেতৃত্বেই আমরা লড়ব।' এরপরই তিনি বিহারে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদেরল দিকে তোপ দাগেন। প্রসঙ্গ ওঠে লালুপ্রসাদের দুর্নীতি নিয়েও।

লালু প্রসাদ সম্পর্কে অমিত শাহের বার্তা
এদিন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদব সম্পকে অমিত শাহ তোপ দেগে বলেন, 'লালু প্রসাদ জেল-এ বসে স্বপ্ন দেখতে পারেন যে আমাদের জোট ভেঙে যাবে। তবে ওনার বোধা উচিত যে এনডিএ জোটই বহারকে ওঁর (লালুর) লণ্ঠনের রাজত্ব থেকে বের করে এনেছে। '

বিহার নির্বাচন নিয়ে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
জানা গিয়েছে, বিহারে জেডিইউয়ের তরফে সিএএ ও এনআরসি নিয়ে অসন্তোষ দানা বাঁধতেই দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টারের তৎপরতা শুরু হয়। কেন্দ্রের এনডিএ সরকারে জেডিইউ নেতাদের মন্ত্রিত্ব দিতে তৎপরতা দেখায় বিজেপি। এদিকে, বিভিন্ন সাক্ষাৎকারে বিজেপির 'চাণক্য' অমিত শাহও জানিয়ে দেন যে বিহারে নীতীশের নেতৃত্বেই বিজেপি জোট লড়াই করবে। আর বিহারে এসেও তিনি এমনই বক্তব্য রেখে যান।
কিশোর-কুমার ও শাহ রাজনীতি
সিএএ নিয়ে কয়েকদিন আগেই বিহার বিধানসভায় নিজের অবস্থান স্পষ্ট করে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি সাফ ভাষায় বিহার বিধানসভায় জানিয়ে দেন যে সিএএ নিয়ে আলোচনায় রাজি হলেও এনআরসি হবে না বিহারে। প্রসঙ্গত, সিএএ ও এনআরসি দুটি বিষয় লাগু করা নিয়েই কয়েক মাস আগেও অনড় ছিল মোদী সরকার। বিজেপির অবস্থানের বিরুদ্ধে গিয়ে জেডিইউ এর সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কিশোর দল থেকে ইস্তফাও দিতে চান। এরপরই নীতীশ কুমার মোদী সরকারের নাগরিকত্ব ইস্যুতে অবস্থানের বিরোধিতায় নামেন। যদিও মুখে বলেন , বিহারে জোট নিয়ে 'অল ইজ ওয়েল'। এমন পরিস্থিতিতে বিহারে জেডিইউকে শরিক হিসাবে ধরে রাখতে তৎপরতা দেখায় বিজেপি। আর তারই প্রমাণ আজকে অমিত শাহের এই ভাষণ।












Click it and Unblock the Notifications