'বিহারে বিজেপির মুখ্যমন্ত্রীকে সমর্থন,সরকার বিজেপি-এলজেপি গড়বে ', চিরাগ বার্তায় শোরগোল
নীতীশ কুমারের বিরুদ্ধে ৩৬০ ডিগ্রির আক্রমণ শানিয়ে একের পর এক তোপ দাগছেন রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান। বিহার বিধানসভা নির্বাচনের পারদ চড়িয়ে চিরাগ পাসওয়ান নীতীশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ করেন।

ভোটের ময়দানে লড়ার চ্যালেঞ্জ নীতীশকে
এক সাক্ষাৎকারে চিরাগ জানিয়েছেন, নীতীশ কুমার নিজে বিহারের একটিও নির্বাচন ২০০৫ সালের পর থেকে লড়েননি। ফলে তাঁর সঙ্গে বিহারের মানুষের কোনও আত্মিক যোগ নেই। এরপরই চিরাগ আক্রমণ শানিয়ে নীতীশকে ভোট ময়দানে নেমে ভোট লড়ার চ্যালেঞ্জ দেন।

'নীতীশ একা কেন লড়ছেন না?'
এদিন রামবিলাস পুত্র চিরাগ বলেন, 'আমার বাবা ৯ বার লোকসভা ভোট জিতেছেন। নীতীশ কুমারেরও উচিত ২০২০ বিহার বিধানসভা লড়ে মানুষের সমস্যাগুলো বোঝার। ' পাশাপাশি চিরাগের অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রামবিলাস পাসওয়ানকে হারানোর জন্য যথেষ্ট চেষ্টা করেন নীতীশ।

বিজেপির সমর্থন কেন নিতে হচ্ছে নীতীশকে?
রাজনীতিতে নতুন পা রাখা চিরাগ কার্যত এদিন নিজের সঙ্গে নীতীশ কুমারের তুলনা টানতেও ছাড়েননি। তিনি বলেন, ' নির্বাচন তিনি (নীতীশ) কেন একা লড়ছেন না? আমি নীতীশ কুমারের থেকে অনেকটাই জুনিয়ার, আর আমি একা লড়ছি। যদি তিনি গত ১৫ বছর কাজই করে থাকেন মানুষের জন্য, তাহলে তিনি কেন বিজেপির সমর্থন নিয়ে নির্বাচনে নামছেন?'

বিজেপির মুখ্যমন্ত্রী চাই
এদিন সুর চড়িয়ে এলজেপি নেতা বলেন, নরেন্দ্র মোদীর জন্য তাঁর শ্রদ্ধা অন্তরের। আর তিনি চাইছেন বিহারে বিজেপি র মুখ্যমন্ত্রী আসুক। বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী এলে তাকে এলজেপি সমর্থন করবে। পাশাপাশি তাঁর দাবি বিহারে সরকার এলজেপি ও বিজেপিই গড়বে। তিনি আরও একটি বিষয় সাফ করে দিয়েছেন, যে বিজেপি যদি তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চায়, তাহলেও তা তিনি গ্রহণ করবেন না। চিরাগ চাইছেন বিজেপির মুখ্য়মন্ত্রীই আসুক বিহারে। আর সেই মর্মেই তিনি বিহারে বিজেপির পাশে। অথচ এনডিএর হাত ছেড়ে তাঁর দল শুধুমাত্র নীতীশ বিরোধিতায় একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

বিজেপির বার্তা
চিরাগের এমন বক্তব্যের পর গোলবলয়ে এলজেপি বিজেপি জোট নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। সেই প্রেক্ষাপটে বিজেপি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী জানান, বিজেপি র সঙ্গে এলজেপির কোনও গোপন আঁতাত নেই।












Click it and Unblock the Notifications