গেম বদলাচ্ছে, সন্ধে নামতেই তেজ বাড়ছে লণ্ঠনের, একক বৃহত্তম দলের দৌড়ে এগোচ্ছেন তেজস্বী
গেম বদলাচ্ছে, সন্ধে নামতেই তেজ বাড়ছে লণ্ঠনের, একক বৃহত্তম দলের দৌড়ে এগোচ্ছেন তেজস্বী
বিহারে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। সন্ধে নামতেই লণ্ঠনের তেজ বাড়তে শুরু করেছে। একাধিক কেন্দ্রে জয়ী হয়েছে আরজেডি। বিজেপিকে ছাপিয়ে এখন বৃহত্তম দলের দৌড়ে আরজেডি। জেডিইউ অনেকটাই পিছিয়ে পড়েছে। ভোটের সমীকরণ নতুন করে গড়তে শুরু করেছে বিহারে। এদিকে সরকার গঠনের প্রস্তুতিতে নীতীশ কুমারকে ফোন করেছে অমিত শাহ।

হাড্ডাহাড্ডি লড়াই বিহারে
আঁধার নামতেই বিহারে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। কখনও ৭৫-৭৪ তো কখনও ৭৫-৭৫ আবার কখনও ৮৮-৮৫ আসনে শুরু হয়ে গিয়েছে কানায় কানায় লড়াই। দ্রুত এগোতে শুরু করেছে আরজেডি। অধিকাংশ কেন্দ্রেই আরজেডির সঙ্গে ব্যবধান একেবারে কানায় কানায়। ১০০ থেকে ১০০০ ভোটের ব্যবধানে চলছে লড়াই। রাত আটটা পর্যন্ত সমানে সমান আসন রয়েছে বিজেপি ও আরজেডির হাতে।

এগোচ্ছে মহাজোট
গ্রামীণ এলাকার ভোট বাক্স খুলতেই দপ করে জ্বলে উঠেছে লণ্ঠন। আরজেডির ভোট হু হু করে বাড়ছে বিভিন্ন কেন্দ্রে। তাতেই এগিয়ে চলেছে মহাজোট। এনডিএ জোট যখন ১২৫টি আসনে এগিয়ে রয়েছে বিহারে। তখন মহাজোট ১১০টি আসনে এগিয়ে রয়েছে। এনডিএ জোটের ঘাড়ে শ্বাস ফেলছে মহাজোট। দ্রুত কমছে ভোটের ব্যবধান।

নীতীশকে ফোন অমিত শাহের
ইতিমধ্যেই জেডিইউ প্রধান নীতীশ কুমারকে ফোন করে ফেলেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। কি নিয়ে তাঁদের মধ্য কথোপকথন চলছে তা এখনও অজানা। তবে বিহারে সরকার গঠনই নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হয়েছে। জেডিইউকে ভোটে ছাপিয়ে গিয়েছে বিজেপি। তাতেই বিহারে বিজেপি পার্টি অফিস গুলিতে উল্লাশ শুরু হয়ে গিয়েছে।

নীতীশই হবেন মুখ্যমন্ত্রী
এনডিএ জোটে বিজেপি ছাপিয়ে গিয়েছে জেডিইউকে। তারপরেই নীতীশের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এনডিএ সরকার গড়লে নীতীশ কুমারই হবেন বিহারের মুখ্যমন্ত্রী। বিজেপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।












Click it and Unblock the Notifications