আনলক-৩ শুরুর আগেই ভারতে একদিনে করোনা আক্রান্ত রেকর্ড ৫৫ হাজার!
ফের দেশে করোনা সংক্রমিতদের রেকর্ড। এদিন কেন্দ্রের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ হাজার ৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭৭৯ জন। এর জেরে দেশে মোট করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১৬ লক্ষ ৩৮ হাজার। মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৭৪৭।

লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা
মাত্র কিছুমাসের মধ্যেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বৃহস্পতিবারই সন্ধ্যা নাগাদ দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছায় ১৬ লক্ষের ওপর যা সত্যিই দেশবাসীর উদ্বেগকে বাড়িয়ে তুলছে। যদিও স্বাস্থ্যমন্ত্রকের ড্যাশবোর্ড অনুযায়ী মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা গিয়েছিল ১৫.৮৪ লক্ষে।

দেশে করোনামুক্ত কত জন?
এদিকে ১৬ লক্ষের গণ্ডি পেরিয়ে এবার ১৭ লক্ষের দিকে লাফিয়ে এগোনো করোনা গ্রাফের মধ্যেও স্বস্তির খবর সুস্থতার হার নিয়ে। রিপোর্ট বলছে, ১৬ লক্ষ করোনা আক্রান্তের মধ্যে ১০ লক্ষ ১৯ হাজার ২৯৭ জন সেরে উঠেছেন। অর্থাত্ আক্রান্তের মধ্যে ৬৪.৪ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ৩৪ হাজার জনের। গোটা দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৪৫৯। অর্থাত্ মোট আক্রান্তের ৩৩.৪ শতাংশ বর্তমানে অ্যাক্টিভ রোগী।

ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ
বিগত কয়েক দিন ধরে লাগাতার যখন দৈনিক আক্রান্ত প্রায় ৫০ হাজার করে বেড়ে চলেছে, নতুন নতুন এলাকা সংক্রামিত হচ্ছে, সেসময় সুস্থ হয়ে ওঠার এই অঙ্ক কোভিড যোদ্ধাদের লড়াইয়ে মনোবল জোগাবে। রোজ ৫০ হাজার করে নয়া কোভিড পজিটিভ বাড়ার পর অতিমারীর প্রেক্ষিতে স্বাস্থ্যক্ষেত্রের বেহাল দশা নিয়ে যখন সর্বত্র প্রশ্ন উঠছে, সেসময় এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক।

আনলক ৩ শুরু হবে
এদিকে করোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে দেশে। এই আবহে শেষ হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের আনলকের মেয়াদ। সেই আবহেই এবার তৃতীয় পর্যায়ে আনলকের বিষয়ে নির্দেশিকা জারি করে বেশ কিছু বড় ঘোষণা করল কেন্দ্র। ১ অগাস্ট থেকে শুরু হতে চলা আনলক পর্বে এবার খুলতে চলেছে জিম। চালু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবাও। তবে স্কুল, কলেজ কোচিং সেন্টার এখনও বন্ধ থাকবে। এছাড়া রাত্রিকালীন কার্ফু উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে এসবের পরও রাজ্য সরকারের অঞ্চল ভিত্তিক কোনও নির্দেশিকা থাকলে, তাই লাগু হবে বলে জানায় কেন্দ্র।

খুলবে জিম, বন্ধ স্কুল
কেন্দ্রের তরফে জানানো হয় যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি মেনে জিম ও যোগ ইনস্টিউট খোলা যাবে ৫ অগাস্ট থেকে। এই বিষয়ে আলাদা নির্দেশিকা জারি করা হবে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। সেই নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ করতে হবে এবং জিম খোলা রাখা যাবে। এছাড়া স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রেও মাস্ক পরা ও সোশ্যাল ডিস্টেন্সিং আবশ্যক।












Click it and Unblock the Notifications