মোদী ক্যাবিনেটে বড় পরিবর্তন! আইনমন্ত্রক থেকে সরানো হল কিরেন রিজিজুকে
নরেন্দ্র মোদী ক্যাবিনেটে বড় পরিবর্তন। আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে। তাঁর জায়গায় আইনমন্ত্রী করা হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি দৌপদী মুর্মু মন্ত্রিসভায় রদবদল অনুমোদন করেছেন।
কিরেন রিজিজুকে আইনমন্ত্রক থেকে আর্থ সায়েন্স মন্ত্রকে সরানো হয়েছে। ওই একই সময়ে অর্জুন রাম মেঘওয়ালকে বর্তমান মন্ত্রকের সঙ্গে আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে স্বাধীন দায়িত্বও দেওয়া হয়েছে। প্রসঙ্গত কিরেণ রিজিজুকে ২০২১ সালে আইনমন্ত্রকের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিরেন রিজিজুকে অপেক্ষাকত কম গুরুত্বপূর্ণ মন্ত্রকে বদলি করা নিয়ে দলীয় স্তরে জল্পনা তীব্র হয়েছে। অন্যদিকে অর্জুন রাম মেঘওয়ালের কাছে আইনমন্ত্রকের যে দায়িত্ব গিয়েছে, তা স্বাধীন। তবে সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম আইনমন্ত্রী ক্যাবিনেট পদমর্যাদার নন।
কিরেণ রিজিজু অরুণাচল পশ্চিম লোকসভা আসন থেকে বিজেপি সাংসদ হয়েছিলেন। ১৯৭১ সালের ১৯ নভেম্বর অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক। রিজিজু অরুণাচল পশ্চিম কেন্দ্র থেকে ২০০৪ সালের পরে ২০০৯ সালেও প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
২০১৪ সালের সাধারণ নির্বাচনে ওই একই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন কিরেন রিজিজু। নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯-এ মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে ক্রীড়ামন্ত্রকের স্বাধীন দায়িত্ব পান। ২০২১-এর জুলাইয়ে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তাঁকে আইনমন্ত্রী করা হয়। রবিশঙ্কর প্রসাদকে সরিয়ে তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে অর্জুন রাম মেধওয়াল ২০০৯ সাল থেকে বিকানেরের সাংসদ। বিকানেরের কিসমিদেসার গ্রামে তাঁর জন্ম। বিকানেরের দুঙ্গার কলেজ থেকে তিনি বিএ ও এলএলবি করেন। একই কলেজ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেন। এরপর ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। রাজস্থান ক্যাডারের প্রাক্তন আইএএসকে সেই রাজ্যে দলের তফশিলি জাতির মুখ হিসেবে দেখা হয়।
এদিকে, আইনমন্ত্রীর পদ থেকে কিরেন রিজিজুকে সরানো নিয়ে বিরোধী নিশানায় সরকার। শিবসেনা উদ্ধব গোষ্ঠীর প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটে বলেছেন, আদানি-সেবির তদন্তের কারণেই কি রিজিজুকে সরানো হল? নিজের ভাবমূর্তি বাঁচাতে সরকার তার আইনমন্ত্রীকে বলি দিল বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী অলকা লম্বা।












Click it and Unblock the Notifications