উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা
দেশজুড়ে দ্রুত বাড়তে থাকা বিমানযাত্রীদের ভিড়ের মাঝে যাত্রী স্বাচ্ছন্দ্যকে আরও গুরুত্ব দিতে একগুচ্ছ নতুন নিয়ম জারি করল বিমান পরিবহণ মন্ত্রক। বুধবার প্রকাশিত এই নির্দেশিকায় স্পষ্ট এবার থেকে বিমান ভ্রমণ হবে আরও সহজ, স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্য।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহণ বাজারে পরিণত হয়েছে। প্রতিদিন পাঁচ লক্ষেরও বেশি যাত্রী উড়ান পরিষেবা ব্যবহার করছেন। এই প্রেক্ষাপটে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত।

নতুন নিয়মের সবচেয়ে বড় আকর্ষণ এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত ৬০ শতাংশ আসন সম্পূর্ণ বিনামূল্যে বরাদ্দ করতে হবে। এতদিন যেখানে আসন বাছাই করতে অতিরিক্ত টাকা গুনতে হত, সেখানে এই সিদ্ধান্ত যাত্রীদের আর্থিক চাপ অনেকটাই কমাবে। আগে যেখানে মাত্র ২০ শতাংশ আসন বিনামূল্যে পাওয়া যেত, এখন সেই সীমা তিনগুণ বাড়ানো হল।
শুধু তাই নয়, একই বুকিং বা পিএনআর এ থাকা যাত্রীদের আর আলাদা হয়ে বসতে হবে না। পরিবার বা একসঙ্গে ভ্রমণকারী যাত্রীদের পাশাপাশি বা কাছাকাছি আসনে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলিকে, যা দীর্ঘদিনের এক বড় অভিযোগের অবসান ঘটাবে।
এছাড়াও নতুন নির্দেশিকায় আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র ও পোষ্য পরিবহণে স্বচ্ছ নীতি, বিমান দেরি, বাতিল বা বোর্ডিং না পেলে যাত্রী অধিকার কঠোরভাবে মানা, বিমান সংস্থার ওয়েবসাইট, অ্যাপ ও বিমানবন্দরে যাত্রী অধিকার স্পষ্টভাবে প্রদর্শন, আঞ্চলিক ভাষায় যাত্রীদের সুবিধা সংক্রান্ত তথ্য প্রচার, এই উদ্যোগের মাধ্যমে বিমান পরিষেবায় স্বচ্ছতা, একরূপতা ও যাত্রীবান্ধব পরিবেশ আরও জোরদার হবে বলে মনে করছে কেন্দ্র। পাশাপাশি, ইডিএএন এর মতো প্রকল্প ইতিমধ্যেই বিমানযাত্রাকে সাধারণ মানুষের নাগালে এনে দিয়েছে।
যাত্রীসুবিধা বাড়াতে ইতিমধ্যে বিমানবন্দরে চালু হয়েছে ইউডিএন যাত্রী ক্যাফের মতো সাশ্রয়ী খাবারের ব্যবস্থা, ফ্লাইবেরির মত মাধ্যমে বিনামূল্যে বই পড়ার সুযোগ ও ফ্রি ওয়াই ফাই পরিষেবা।
বিমান সংস্থাগুলির অতিরিক্ত চার্জ নিয়ে বাড়তে থাকা অসন্তোষের মাঝেই কেন্দ্রের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে যাত্রীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এল। এখন নজর, কবে থেকে কার্যকর হয় এই নতুন নিয়ম।












Click it and Unblock the Notifications