আধার প্রমাণীকৃত আইআরসিটিসি যাত্রীদের জন্য বড় সুখবর, ভারতীয় রেলে টিকিট বুকিংয়ের সময়সীমায় বড়সড় বদল
রেলযাত্রীদের জন্য টিকিট বুকিং ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ বদল আনল ভারতীয় রেল। আধার ভিত্তিক যাচাই সম্পন্ন করা আইআরসিটিসি ব্যবহারকারীদের জন্য সংরক্ষিত ট্রেনের টিকিট কাটার সময়সীমা এবার আরও বাড়ানো হচ্ছে।
রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (এআরপি) শুরুর দিনেই আধার প্রমাণীকৃত আইআরসিটিসি অ্যাকাউন্টধারীরা রাত ১২টা পর্যন্ত (০০:০০ ঘণ্টা) জেনারেল রিজার্ভেশনের টিকিট বুক করতে পারবেন। এই নতুন ব্যবস্থা ধাপে ধাপে কার্যকর করা হবে।

এর আগে, দালালচক্র ও ভুয়ো বুকিং রুখতে সাধারণ সংরক্ষণ শুরুর প্রথম ১৫ মিনিট শুধু আধার যাচাইকৃত ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট করেছিল রেল। পরে সেই সময়সীমা বাড়িয়ে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত করা হয়। এবার সেই পরিধি আরও বাড়িয়ে পুরো দিন অর্থাৎ মধ্যরাত পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮ ডিসেম্বর রেল বোর্ডের তরফে দেশের সমস্ত প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারদের (পিসিসিএম) পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, আগের নির্দেশের ধারাবাহিকতাতেই এই সিদ্ধান্ত। উদ্দেশ্য একটাই সংরক্ষণ ব্যবস্থার সুফল যেন প্রকৃত যাত্রীদের কাছেই পৌঁছয় ও অসাধু চক্রের অপব্যবহার বন্ধ করা যায়।
তবে রেলের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, কম্পিউটারাইজড পিআরএস কাউন্টার থেকে টিকিট কাটার নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র অনলাইন ও অ্যাপভিত্তিক বুকিংয়ের ক্ষেত্রেই এই নতুন সময়সীমা কার্যকর হবে।
রেল সূত্রের মতে, এই পদক্ষেপে সাধারণ যাত্রীরা যেমন বাড়তি সুবিধা পাবেন, তেমনই টিকিট কালোবাজারি ও বেআইনি বুকিংয়ের রাশ টানাও সম্ভব হবে।












Click it and Unblock the Notifications