সেনাবাহিনীর 'অগ্নিপথ' নিয়োগের নিয়মে পরিবর্তন! সুযোগ পাবেন এইসব ক্ষেত্রের যুবক-যুবতীরাও
সেনাবাহিনীর তিন শাখায় নিয়োগে গত বছরে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এবার তারই নিয়োগ প্রক্রিয়া বড় পরিবর্তন আনা হয়েছে।
সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। এবার অগ্নিপথে আবেদন করতে পারবেন আইটিআই এবং পলিটেকনিক পাস আউটরাও। গত বছর বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর নিয়োগে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছিল।

যোগ্যতার মানদণ্ড বাড়ল
সেনাবাহিনীর এই পদক্ষেপ থেকে বলাই যায় অগ্নিপথ নিয়োগের প্রক্রিয়ায় যোগ্যতার মানদণ্ড বাড়ানো হয়েছে। তুলনামূলক দক্ষ যুবক-যুবতীরাও অগ্নিপথ নিয়োগে অংশ নিতে পারবেন। আইটিআই এবং পলিটেকনিক পাস করা যুবক-যুবতীরা সেনাবাহিনীর কারিগরি শাখায় নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এটি এই ধরনের দক্ষদের বিশেষ উৎসাহ দেবে বলেও মনে করছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিকরা। তারা বলছেন, এক্ষেত্রে প্রশিক্ষণের সমও কম লাগবে।

অগ্নিপথ নিয়োগের নথিভুক্তিকরণ শুরু
উল্লেখ করা যেতে পারে ১৬ ফেব্রুয়ারি থেকে অগ্নিপথের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীরদের নিয়োগ করতে নথিভুক্তিকরণ শুরু হয়েছে। অবিবাহিত পুরুষ প্রার্থীরা ২০২৩-২৪ সালে নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২০২৩-এর ১৫ মার্চ। আর এর পরীক্ষা হবে ২০২৩-এর ১৭ এপ্রিল।

কোথায় কোথায় সুযোগ
নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে অগ্নিবীরদের জন্য রয়েছে জেনারেল ডিউটি, টেকলিক্যাল ক্লার্ক, স্টোর কিপার এবং ট্রেডসম্যানের পদ। অগ্নিবীরদের নির্বাচন প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে পরিবর্তন আনা হয়েছে। এখন প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। এরপর যাঁরা যোগ্যতা অর্জন করবেন, তাঁদের মধ্যে থেকে শারীরিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে।

কারা আবেদন করতে পারবেন
১৬ ফেব্রুয়ারি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, লেখানে বলা হয়েছে যাঁরা মাধ্যমিক অর্থাৎ ১০ম শ্রেণি পাশ করেছেন, তাঁরা অগ্নিবীরের (সাধারণ দায়িত্ব) জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে উচ্চমাধ্যমিক অর্থাৎ ১২ ক্লাস পাসরা কারিগরি ক্ষেত্রেরপ জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি পাশ করলে অগ্নিবীর ক্লার্ক (স্টোর কিপার) পদের জন্য আবেদন করা যাবে। অন্যদিকে অষ্টম শ্রেণি পাশরা অগ্নিবীর ট্রেডসম্যান পদে আবেদন করতে পারবেন।

এবার সেনাবাহিনীর কারিগরি শাখায়ও আবেদন
এবার নিয়োগের নিয়মে পরিবর্তন হওয়ায় আইটিআই-পলিটেকনিক পাস করা যুবকরা আবেদন করতে পারবেন। আগে থেকেই প্রশিক্ষিত এইসব যুবকরা সেনাবাহিনীর কারিগরি শাখায় আবেদনের সুযোগ পাবেন।












Click it and Unblock the Notifications