Blow For TMC: লোকসভা ভোটের আগে মেঘালয়ে ধাক্কা খেল তৃণমূল, লিংডোর পদত্যাগের পর আরও ভাঙনের আশঙ্কা
Blow For TMC: লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রথম সারির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নেতারা মমতাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখার লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন। বাংলার বাইরেও লোকসভার আসন দখলের লক্ষ্যে।
তবে লোকসভা ভোটের আগে মেঘালয়ে তৃণমূল বেশ বড় ধাক্কা খেল। মেঘালয়ে একটা সময় তৃণমূল প্রধান বিরোধী দল হয়েছিল। এবার সেই রাজ্যে তৃণমূলের সহ সভাপতি জর্জ বি লিংডো আচমকা পদত্যাগ করে দলের অস্বস্তি বাড়ালেন।

২০২১ সালে যে ১২ জন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন লিংডো তাঁদের মধ্যে অন্যতম। এই দলবদলের ফলেই মেঘালয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল। তবে চলতি বছরে মেঘালয়ে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে তৃণমূলের আসন সংখ্যা পাঁচে নেমে আসে। লিংডো উমরোই থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে গিয়েছিলেন।
লিংডো মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপকে পদত্যাগপত্র পাঠিয়ে লিখেছেন, ব্যক্তিগত কারণেই মেঘালয়ে দলের সহ সভাপতি ও উমরোইয়ে তৃণমূলের ব্লক কমিটির সভাপতি পদ ছাড়ছেন। পদত্যাগপত্রের কপি পাঠানো হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
রাজনৈতিক মহলের খবর, লিংডোকে শিলং লোকসভা আসনে দাঁড় করানোর পরিকল্পনা ছিল তৃণমূলের। লিংডো তৃণমূল ছেড়ে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে লিংডো সেই জল্পনা খারিজ করে দিয়েছেন। এই নিয়ে মেঘালয়ে তৃণমূলের দ্বিতীয় কোনও বড় মাপের নেতা দল ছাড়লেন।
এর আগে, তৃণমূল বিধায়ক হিমালয় এম শাংপ্লিয়াং বিজেপিতে যোগ দেন, পরে চলে যান এনপিপিতে। এনপিপি ইতিমধ্যেই ঘোষণা করেছে মন্ত্রী আমপারিন লিংডো ও সাংসদ আগাথা কে সাংমা শিলং ও তুরা লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আবহে লিংডো কী করেন সেদিকেই তাকিয়ে সকলে। লোকসভা ভোটের আগে তৃণমূলে আরও ভাঙন ধরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications