'মান পাঞ্জাবে একটি মাফিয়া বিরোধী যুগ শুরু করবেন',আপের প্রশংসা করে কংগ্রেসকে ব্যাকফুটে ঠেললেন সিধু
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশ মতো পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নভজ্যোত সিং সিধু। এবং তারপর থেকেই তিনি টুইটে আম আদমী পার্টি ও পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন৷ পাঞ্জাবে ক্ষমতায় আসার জন্য আম আদমি পার্টিকে আগেই অভিনন্দন জানিয়েছিলেন সিধু৷ এবার প্রাক্তন পাঞ্জাব কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মানক রাজ্যবাসীর 'প্রত্যাশার পাহাড়' সম্পর্কে সতর্ক করলেন।

টুইটারে সিধু লিখেছেন, পাঞ্জাবের জনগণ 'খুব ভাল সিদ্ধান্ত' নিয়েছেন। পাঞ্জাবে আম আদমী পার্টিকে নির্বাচিত করে একটি নতুন ভিত্তি স্থাপন করেছে। এরপরই সিধু আরও বলেছেন, সবচেয়ে সুখী মানুষ সেই ব্যক্তি যার কাছ থেকে কারও কোনও প্রত্যাশা থাকে না। ভগবন্ত মান প্রত্যাশার পাহাড় নিয়ে পাঞ্জাবে একটি নতুন মাফিয়া বিরোধী যুগ উন্মোচন করতে চলেছেন। আশা করি তিনি এই কাজে সফল হবেন৷ পাঞ্জাবকে পুনরুজ্জীবিত করে পথে ফিরিয়ে আনবেন। শুভেচ্ছা রইল।
এর আগেও সিধু পাঞ্জাবে কংগ্রেসের এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছিলেন, জনগণের রায়কে নম্রভাবে মেনে নেওয়া উচিত। তিনি আরও বলেছেন, এই রাজনীতি ছিল পরিবর্তনের জন্য। আমি পাঞ্জাবের জনগণকে অভিনন্দন জানাই যারা একটি খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে, প্রথাগত ব্যবস্থার পরিবর্তন করেছে এবং একটি নতুন ভিত্তি স্থাপন করেছে।
প্রসঙ্গত, বুধবারই সিধু বলেছেন যে তিনি দলের পাঞ্জাব প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী মঙ্গলবার উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব এবং মণিপুরের রাজ্য ইউনিটের প্রধানদের এই রাজ্যগুলিতে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন৷ এরপরই ক্রিকেটার-রাজনীতিবিদ তার টুইটার হ্যান্ডেলে পদত্যাগের তথ্য শেয়ার করেন৷ এদিন সিধু টুইটে লেখেন, কংগ্রেস সভাপতির ইচ্ছা অনুযায়ী আমি আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। সোনিয়া গান্ধীকে লেখা পদত্যাগপত্রে সিধু লিখেছেন, আমি পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছি।
২০২২ বিধানসভা নির্বাচনে কংগ্রেস পাঞ্জাবে একটি অপমানজনক পরাজয়ের মুখোমুখি হয়েছে। পাঁচবছর সরকারে থাকা দলটি মাত্র ১৮টি আসন জিতেছে। যেখানে আম আদমি পার্টি ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় ৯২টি আসন নিয়ে ক্ষমতা দখল করেছে। সিধু নিজের এলাকা অমৃতসর পূর্ব বিধানসভা আসন থেকে আম আদমি পার্টির জীবনজোত কৌরের কাছে ৬৭৫০ ভোটে হেরেছেন।












Click it and Unblock the Notifications