Viral Post: গায়ে হলুদে সাধের পাঞ্জাবিই নেই, বিয়ের দিন মাটি হতে হতে কীভাবে মান বাঁচল পাত্রের? ভাইরাল সেই পোস্ট
Bengaluru: উৎসবের মরশুম শেষ হতেই এবার পালা বিয়ের মরশুমের (Wedding Season)। অগ্রহায়ণ জুড়ে শুধু চারিদিকে বিয়ের বাজনা। বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান মজাদার মিমও। এরই মাঝে বেঙ্গালুরুতে ঘটে গেল আজব এক ঘটনা। গায়ে হলুদের পিঁড়িতে বসার আগে যুবক দেখলেন, সাধের পাঞ্জাবিটিই (Kurta) কেনা হয়নি।
বেসরকারি সংস্থায় কর্মরত রামনাথ সেনয়। বিয়ের জন্য যাবতীয় তোড়জোড় সেরে রেখেছিলেন। কেনাকাটিও পুরোটাই সেরে ফেলা হয়েছিল। কিন্তু কোথাও একটা মিস হয়ে গিয়েছে গায়ে হলুদের (Haldi Ceremony) পাঞ্জাবি। সময় অপচয় না করে সঙ্গে সঙ্গে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মে পাঞ্জাবি অর্ডার করেন তিনি। হলুদ পাঞ্জাবি এসেও পৌঁছল চোখের নিমেষে।

এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার কথা শেয়ার করেছেন রামনাথ। বিয়ের দিন এমনিতেই মাথায় হাজারো চিন্তা থাকে। তার মাঝে এমন ঘটনাকে মজা হিসেবেই নিচ্ছেন তিনি। মজার কথা শেয়ার করে তিনি লেখেন, হলুদ পাঞ্জাবি ডেলিভারি দিয়ে বিয়ের দিন মাটি হতে দেয়নি ওই অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম। পারফেক্ট হলদি লুকেই গায়ে হলুদের ছবিও শেয়ার করেন তিনি।
রামনাথ লেখেন, "বিয়ের মণ্ডপে সংস্থার জন্য একটা চেয়ার রাখা রইল। আমন্ত্রিতদের তালিকায় ওদেরও আমি সামিল করলাম। গায়ে হলুদের সকালে কার্যত দিনটাই মাটি হতে বসেছিল। পরিবারের সদস্যরাও রেগে আগুন হয়ে যাচ্ছিল। এমন সময় আমার সময় ও মান দুইই বাঁচিয়েছে ওই অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম।"
তিনি আরও লেখেন, " অর্ডার করার মাত্র ৮ মিনিটেই পাঞ্জাবি এসে পৌঁছয়। তবে এটাই শুধু নয়। গায়ে হলুদের পর জামাকাপড় ভিজে গিয়েছিল। বাড়তি জামাকাপড়ও ছিল না। ফের অর্ডার করায় ১০ মিনিটে ফের একজোড়া পাঞ্জাবি ডেলিভারি করে দেয় অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম।"
রামনাথের পোস্টে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ওই অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মও। সংস্থার অফিসিয়াল কাস্টমারের কেয়ারের তরফে রিপ্লাইতে বলা হয়, "আপনার এই পোস্টটি আমাদের কাছে সত্যিই খুব মূল্যবান। আমরা আমাদের সমস্ত গ্রাহককে এভাবেই দ্রুত পরিষেবা দিতে চাই।" ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে রামনাথের ওই পোস্ট।












Click it and Unblock the Notifications