২০১৯ দিওয়ালির আগেই পেঁয়াজের পর এবার টমাটোর দামে ছ্যাঁকা! অগ্নিমূল্য সব্জি বাজার
পেঁয়াজের দামের ঝাঁঝ এতদিন চোখে জল এনেছিল বহু মধ্যবিত্তের। উৎসবের মরশুমে পেঁয়াজের দামের বৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁসেলে আঁচ পড়েছিল। এবার দুর্গাপুজো কাটতে না কাটতেই দিওয়ালির আগে ক্রমবর্ধমান টমাটোর দাম। রাজধানী দিল্লিতে এই অগ্নমূল্য সব্জি অনেককেই হতবাক করেছে!

৯ অক্টোবরের দাম ৮০ টাকা প্রতি কেজি
৯ অক্টোবর দেশের রাজধানী দিল্লিতে টমাটোর দাম ছিল প্রতি কেজিতে ৮০ টাকা। আর সেই দাম পেঁয়াজকেও উৎসবের মরশুমে টক্কর দিয়ে চলে গিয়েছে ।

১০ অক্টোবর দাম খানিকটা নিম্নমুখী
১০ অক্টোবর টমাটোর এই দাম প্রতি কেজিতে পৌঁছে যায় ৬২ টাকায়। টমাটোর দামের এই ঘোরাফেরা উৎসবের মরশুম জুড়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। দিওয়ালির সময় দিল্লিতে এই দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে টমাটোর দাম ৯ অক্টোবর গড়ে ছিল ৫৪ টাকা প্রতি কেজির হিসাবে।

কেন বাড়ছে টমাটোর দাম?
জানা গিয়েছে, দক্ষিণের একাধিক রাজ্যে অতিবৃষ্টির জেরে টমাটোর উৎপাদনে প্রভাব পড়ে যায়। যার ফলে এই মুহূর্তে চাহিদার তুলনায় , যোগানের কমতিতে প্রভাব পড়েছে টমাটোর দামে। এক্ষেত্রে কর্ণাটক, তেলাঙ্গানার পাহাড়ি এলাকাগুলিতে টমাটো চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই বছরে। আর তারই প্রভাব উৎসবের মরশুমে পড়তে চলেছে।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ নিয়ে কড়াকড়ি
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বেশ খানিকটা কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এদিকে, মধ্যপ্রদেশে পেঁয়াজের দামের উর্ধ্বগতি রুখতে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার ইতিমধ্যেই মজুতকৃত পেঁয়াজের পরিমাণ নিয়ে একাধিক কড়া পদক্ষেপ নিয়ে ফেলেছে। নির্দিষ্ট করা হয়েছে পেঁয়াজের মজুত করার সংখ্যা। আপাতত দিওয়ালির আগে , পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ খানিকটা সহজ হবে বলে মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications