কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন বাংলার বাবুল সুপ্রিয় : সূত্র

বছর ৪৩-এর বাবুল সুপ্রিয় যদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পান তাহলে তিনি হবেন বাংলা থেকে কেন্দ্রে যাওয়া তৃতীয় বিজেপি মন্ত্রী। এর আগে অটল বিহারি বাজপেয়ীর আমলে সত্যব্রত মুখোপাধ্যায় এবং তপন শিকদার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। যদিও তখন বাংলায় বিজেপির জোটসঙ্গী ছিল তৃণমূল। কিন্তু এইবারের বিষয়টা একটু অন্য। সামনেই ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এখন কোনও জোট নেই। একে অপরের সঙ্গে দাঁত দাঁত চেপে ক্ষমতা আদায়ের লড়াই করবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলায় বিজেপির রাশ শক্ত করতেই বাবুলকে কেন্দ্র আনার কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বিধানসভা নির্বাচনে বামেদের ৩৪ বছরের শক্ত দূর্গ ভেঙে জনতার বিপুল ভোটে বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল সরকার। কিন্তু সারদা কাণ্ড থেকে শুরু করে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে একের পর এক ঘটনায় বেশ কোণঠাসা হয়ে পড়েছে বর্তমান সরকার। তার উপরে চলতি বছর লোকসভা নির্বাচনে যে মোদী ঝড়ে ভর করে বাংলায় অবিশ্বাস্য ফল করে বিজেপি। এই বিষয়টাও বর্তমান সরকারকে চিন্তায় ফেলেছে। তৃণমূল সরকারের বিশ্বাসযোগ্যতা খর্ব হয়েছে অনেক ক্ষেত্রেই। ফলে তৃণমূলের এই দুর্বল সময়েরই সুযোগ নিয়ে বাংলায় বিজেপিকে আরও শক্তপোক্ত করতে চাইছেন মোদী। আর সেই কারণেই বাবুলকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হচ্ছে বলে মনে করছেন অনেকে।
যদিও বাবুল এবিষয়ে পরিস্কার করে কিছু জানাতে চাননি। বাবুলকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীসভার বিষয়ে খুব বেশি তথ্য তাঁর কাছে নেই। তবে দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে সেভাবেই তিনি কাজ করতে চান বলে জানিছেন বাবুল।












Click it and Unblock the Notifications