নেপালের ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি! বিজ্ঞানীরা সতর্ক করে তৈরি থাকতে বলছেন
একমাসের মধ্যে তৃতীয়বার। শুক্রবার রাতে নেপালে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ, বিহার-সহ উত্তর ভারতে কম্পন অনুভূত হয়েছে। এব্যাপারে সিসমোলজিস্টরা সাধারণ মানুষকে সতর্ক থাকতে ও প্রস্তুত থাকতে বলেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ডোটি জেলার নিকটবর্তী অঞ্চলে। উল্লেখ্য ২০২২ সালের নভেম্বরে এই একই জেলায় ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।

তাঁরা আরও বলছেন, তিন অক্টোবর নেপালের ধারাবাহিক ভূমিকম্পগুলিও একই এলাকার আশপাশে হয়েছিল। এইসব ভূমিকম্পগুলি নেপালের কেন্দ্রীয় বেল্টে হয়েছে। তবে পশ্চিমের দিকে তা সামান্যই হয়েছে।
ইতিমধ্যেই অনেক বিজ্ঞানী ভবিষ্যদ্বাণী করেছেন, হিমালয় অঞ্চলে যে কোনও সময় একটি বড় ভূমিকম্প আঘাত .হানবে। কেননা ভারতীয় টেকটোনিক প্লেটটি উত্তরে সরে গিয়ে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
প্রায় ৪০-৫০ মিলিয়ন বছর আগে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে ভারতীয় প্লেটটি ভারত মহাসাগর থেকে উত্তরে গিয়ে হিমালয় তৈরি করে। বিজ্ঞানীরা বলছেন হিমালয়ের নিচে চাপ তৈরি হচ্ছে। তারণ ভারতীয় প্লেট উত্তর দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটছে।
বিশেষজ্ঞরা বলছেন হিমালয়ের ওপরে চাপ সম্ভবত এক বা একাধিক বড় ভূমিকম্পের মাধ্যমে মুক্তি পেতে পারে। সেখানে রিখটার স্কেলে আট বা তের বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কখন এই বড় ভূমিকম্প হবে, তা সঠিক করে অনুমান করা উপায় এখন বের করতে পারেননি বিজ্ঞানীরা।
এদিকে শুক্রবার রাতে নেপালের ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দেড়শোর আশেপাশে। আহতের সংখ্যা কয়েকগুণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের এই ভূমিকম্পে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।












Click it and Unblock the Notifications