দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা? জানুন সম্পূর্ণ আপডেট
ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে ব্যাঙ্ক ইউনিয়নগুলি ফের দেশজুড়ে ধর্মঘটের পথে হাঁটছে। সপ্তাহে পাঁচ দিনের কাজ চালু করার দাবিতে আগামী ২৭ জানুয়ারি, সোমবার একদিনের জন্য সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এই ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে, নির্ধারিত দিনে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা বন্ধ থাকবে।

ব্যাঙ্ক কর্মীদের এই দাবি একদমই নতুন নয়। এর আগেও এই একই দাবিতে তাঁরা একাধিকবার আন্দোলনে নেমেছেন। গত ২০২৫ সালের মার্চ মাসে টানা দু'দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছিল। সেই সময় ব্যাপকভাবে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হয়েছিল এবং সাধারণ গ্রাহকদের সমস্যায় পড়তে হয়েছিল। তখন সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেয়। ইউনিয়নগুলি জানিয়েছিল যে, সেই আশ্বাসের ভিত্তিতেই সেইবার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল।
কিন্তু প্রায় এক বছর কেটে যাওয়ার পরেও বাস্তবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কর্মীরা। ইউনিয়নগুলি দাবি করেছেন যে, সরকার আশ্বাস দেওয়ার পরেও সপ্তাহে পাঁচ দিনের কাজ চালু করা নিয়ে কোনও স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই আবার আন্দোলনের পথে হাঁটছেন তাঁরা। সংগঠনের বক্তব্য যে, বারবার আলোচনার পরেও ফল না পাওয়ার কারণে ধর্মঘট ছাড়া আর কোনও পথ খোলা নেই।
এই ধর্মঘটের সরাসরি প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে পারে। আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক শাখা বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে টাকা তোলা, জমা দেওয়া, চেক ক্লিয়ারেন্স, ড্রাফট, লকার সংক্রান্ত কাজগুলি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে যে, কোনও জরুরি দরকারে ব্যাঙ্কের সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়বে বলে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস জানিয়েছে যে, আগাম সতর্কতা হিসেবেই এই ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। গ্রাহকেরা যাতে প্রয়োজনীয় কাজগুলি আগে থেকেই সেরে নিতে পারেন। তবে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি ইঙ্গিত দিয়েছে যে, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলনের মাত্রা আরও বাড়তে পারে।












Click it and Unblock the Notifications