Modi Yunus Meeting: সাক্ষাতে মরিয়া ইউনূস, সময় দেবেন মোদী? বাংলাদেশের অনুরোধ নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী
Modi Yunus Meeting: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে কাকুতি মিনতি করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। নয়াদিল্লির কাছে এই মর্মে আবেদনও জানিয়েছে ঢাকা। থাইল্যান্ডের ব্যাঙ্ককে আয়োজিত ষষ্ট BIMSTEC শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে একান্তে বৈঠক করতে চান ইউনূস।
বাংলাদেশের তরফে অনুরোধ আসা নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের অনুরোধ নিয়ে 'হ্যাঁ' বা 'না' কিছুই বলল না ভারত। নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে বিদেশমন্ত্রী স্পষ্টতই জানান, বিষয়টি এখনও বিবেচনাধীন রয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরে বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির প্রথম বৈঠকে একাধিক সাংসদ বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন। এব্যাপারে ভারত কী পদক্ষেপ নিচ্ছে বা আদৌ নিতে চলেছে কি না, তা জানতে চাওয়া হয় ওই বৈঠকে।
সূত্রের এও খবর, সাংসদদের পাল্টা উত্তরও দিয়েছেন বিদেশমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রভাব দেখছেন। সংখ্যালঘুদের টার্গেট করে হামলা চালানো হয়েছে, এমনটা নয়। ঢাকার তরফে জয়শঙ্করকে এমনটাই জানানো হয়েছে বলে দাবি করেন বিদেশমন্ত্রী।
এদিনের বৈঠকে বাংলাদেশ ছাড়াও মলদ্বীপ, মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও সাংসদদের সঙ্গে আলোচনা করেন জয়শঙ্কর। চিন ও পাকিস্তান নিয়ে পরবর্তী তারিখে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন সংবাদসংস্থা এএনআইকে জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য কূটনৈতিক স্তরে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। BIMSTEC সম্মেলনের ফাঁকে দুই শীর্ষ নেতার বৈঠক হতে পারে।
২ থেকে ৪ এপ্রিলের মধ্যে সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্ককে যাওয়ার কথা নরেন্দ্র মোদীর। ওই সময়ই সেখানে যাবেন মহম্মদ ইউনূসও। তবে দু'তরফের ব্যক্তিগত স্তরে বৈঠক হবে কি না তা নিশ্চিত করে জানাননি বিদেশমন্ত্রী।
এদিনের বৈঠকজুড়ে সিংহভাগই ছিল বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ নিয়ে সাংসদদের বিস্তর প্রশ্নের জবাব দেন এস জয়শঙ্কর। সূত্রের খবর, বিদেশমন্ত্রী জানান, পাকিস্তানের জন্য SAARC-এর ভূমিকা নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় BIMSTEC-এ দৃঢ় ভূমিকা নিতে চলেছে ভারত। এদিনের বৈঠকে বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে মূলত বিরোধী সাংসদরা একের পর এক প্রশ্ন তোলেন।
কংগ্রেসের কে সি বেণুগোপাল, মণীশ তেওয়ারি থেকে শুরু করে উদ্ধব ঠাকরের শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও কংগ্রেসের মুকুল ওয়াসনিক এদিন বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে সরব হন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications