মোদী জমানায় বড় সাফল্য! চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের ভারতকে প্রস্তাব বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের চট্টগ্রাম ও সিলেট বন্দর ভারতকে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, এতে দুদেশের মধ্যে যেমন সংযোগ বাড়বে, অন্যদিকে এই অঞ্চলের জনগণের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি পাবে।

রাম মাধবের সঙ্গে সাক্ষাৎ
রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ইন্ডিয়া ফাউন্ডেশনের রাম মাধব। বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সেই সাক্ষাৎকার উল্লেখ করে বলেছেন, সেই সময় শেখ হাসিনা বলেন, ভারত চাইলে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে পারে।

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা
প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাম মাধবের সঙ্গে বৈঠকের সময় তাঁর মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শেষ হাসিনা বলেছেন, ভারত বাংলাদেশের দুই বন্দর ব্যবহার করলে আঞ্চলিক যোগাযোগ বাড়বে এবং এলাকার জনগণের মধ্যে যোগাযোগের উন্নতি হবে।

ভারতের কাছে গুরুত্বপূর্ণ
উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের বন্দর ব্যবহার করার প্রস্তাব ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দর এমন একটি জায়গায় অবস্থিত, যেখান থেকে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে সহজেই যোগাযোগ সম্ভব। যা কৌশলগত কারণেও গুরুত্বপূর্ণ।

হাসিনা ও বাংলাদেশের প্রশংসায় রাম মাধব
হাসিনার সঙ্গে বৈঠকে রাম মাধব বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বলে আশাপ্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদীর জমানায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রস্তাবকে অনেকেই ভারতের সাফল্য হিসেবে দেখছেন।

রাম মাধবের পরিচিতি
উল্লেখ করা প্রয়োজন রাম মাধব বাংলাদেশে ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করলেও, ভারতে তাঁর পরিচয় বিজেপি নেতা হিসেবে। তিনি বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন। কিশোর বয়েসেই আরএসএস-এর সঙ্গে তাঁর সম্পর্ক। অন্ধ্রপ্রদেশে জন্ম হওয়া এই নেতা ১৯৮১ সাল থেকে স্বেচ্ছায় পূর্ণ সময়ের জন্য আরএসএস-এ যোগদান করেন। উত্তর-পূর্ব ভারতে বিজেপির বিস্তারে রাম মাধবের অবদান রয়েছে।












Click it and Unblock the Notifications