Bangladesh Election 2024: বাংলাদেশে গেরুয়া ঝড়! হাসিনার সভায় কেন এমন দৃশ্য?
Bangladesh Election 2024: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী রবিবার। বিএনপি নির্বাচনে লড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ফলে আওয়ামি লিগের নেতৃত্বাধীন গ্র্যান্ড অ্যালায়েন্সেরই ক্ষমতায় থাকা কার্যত নিশ্চিত।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো কিছু ছবি। যা দেখে অনেকেই ভেবে বসতে পারেন এটা কি বাংলাদেশ, নাকি ভারতের কোনও রাজ্য! তার কারণ জনসভার গেরুয়া-ঝড়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ব্যাপক ভিড় হচ্ছে। আবার বিএনপি এবং সমমনোভাবাপন্ন দল ও বিভিন্ন সংগঠন ভোট বয়কটের ডাক দিয়েছে। তাদের দাবি ভোট নয়, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন প্রহসন ছাড়া আর কিছুই নয়। বিরোধীরা দাবি করেছিল কেয়ারটেকার সরকার ভোটপর্ব পরিচালনা করুক। তা হাসিনা সরকার মানেনি। তাতেই ভোট বয়কটের ডাক।
৫ জানুয়ারি পর্যন্ত চলবে ভোটের প্রচার। এবার ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগ পেয়েছিল ২৫৭টি আসন। এবার আওয়ামি লিগ লড়ছে ২৬৩টি আসনে। এবার যা পরিস্থিতি তাতে আওয়ামি লিগ সরকারই ফের গঠিত হবে বাংলাদেশে। চতুর্থবার প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।
হাসিনার আওয়ামি লিগের সভাতেই দেখা গিয়েছে কমলা পোশাকে হাজির হয়েছেন অনেক কর্মী-সমর্থক। শুধু কমলা নয়, কেউ পরেছেন সবুজ কিংবা হলুদ রঙের টি-শার্ট। মাথার টুপিতেও কমলা ও হলুদের আধিক্য দেখা গিয়েছে। মহিলাদের পরনে বাংলাদেশের পতাকার রংয়ের সবুজ শাড়িতে লাল রংয়ের পাড় লক্ষ্য করা গিয়েছে। হলুদ পাড়ের শাড়িও দেখা গিয়েছে।
২০২৪ সালেই ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। তারই মধ্যে জনসভায় কমলা, যা দূর থেকে গেরুয়ার মতো মনে হচ্ছে তা দেখে অনেকেই ভাবতে পারেন এ দেশেই কি বেজে গেল নির্বাচনের দামামা? কিন্তু তা নয়। যদিও বাংলাদেশের জনসভার কমলা রং দেখে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে গেরুয়া ঝড় সংক্রান্ত নানাবিধ প্রচার চলছে। কিন্তু গেরুয়া নয়, কমলা রংয়ের পোশাক পরে আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা মিছিলে হাঁটছেন, সভায় যাচ্ছেন।
আওয়ামি লিগ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এবার নির্বাচনে ঝাঁপিয়েছে হাসিনার দল। নৌকা চিহ্নে ভোট দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয়েছে। ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনা হবে, দুর্নীতিবাজদের অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করা, ৫ বছরে ২ লাখ যুবককে ৭৫০ কোটি টাকা যুব ঋণ দেওয়ার মতো অঙ্গীকার করা হয়েছে। সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ করা হবে বলেও নির্বাচনী ইশতেহারে জানিয়েছে আওয়ামি লিগ।












Click it and Unblock the Notifications