Indigo: এবার 'মে ডে' ঘোষণা ইন্ডিগো পাইলটের, চেন্নাইয়ের বদলে বেঙ্গালুরুতে জরুরি অবতরণ বিমানের
আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল ভারতেই। ইন্ডিগোর একটি গুয়াহাটি থেকে চেন্নাইগামী বিমান (ফ্লাইট নম্বর ৬ই-৬৭৬৪) জ্বালানি সঙ্কটের কারণে 'মে ডে' ঘোষণা করে বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করেছে বলে খবর। বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও, শনিবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও এই ঘটনায় বিমানে থাকা ১৬৮ জন যাত্রী সুরক্ষিত রয়েছেন।
সূত্রের খবর, গুয়াহাটি থেকে চেন্নাইয়ের উদ্দেশে উড়েছিল ইন্ডিগোর এয়ারবাস এ৩২১ বিমানটি। চেন্নাইয়ে বিমানের অবতরণ বাতিল করে 'গো অ্যারাউন্ড' করার সিদ্ধান্ত নেন পাইলট। জানা গিয়েছে, চেন্নাই বিমানবন্দরে যানজটের কারণে অবতরণের অনুমতি না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বিমানের জ্বালানি বিপজ্জনকভাবে কমতে শুরু করে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে প্রায় ৩৫ মাইল দূরে থাকতেই পাইলট 'ফুয়েল মে ডে' ঘোষণা করেন এবং বিমানটিকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে নিয়ে যান।

'মে ডে' হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি জরুরি সংকেত, যা বিমান বা সমুদ্রে জীবন-হুমকির মতো গুরুতর পরিস্থিতিতে ব্যবহার করা হয়। ফরাসি শব্দ 'মেইডার' থেকে এর উৎপত্তি, যার অর্থ 'আমাকে সাহায্য করুন'। এই বিমানটি যদিও নিরাপদে রাত ৮টা ২০ মিনিটে বেঙ্গালুরুতে অবতরণ করে।
এই ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত জরুরি প্রোটোকল সক্রিয় করে এবং দমকল ও চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখে। যদিও যাত্রীরা হঠাৎ করে এই ঘটনার ফলে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন, তবে কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, এই ঘটনার পর দুই পাইলটকেই আপাতত উড়ানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও ইন্ডিগো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি। তবে বিমান সংস্থা জানিয়েছে যে চেন্নাইয়ে বিমান চলাচলের ভিড়ের কারণে এই ডাইভার্সন হয়েছিল। তবে চেন্নাই এটিসি (Air Traffic Control) কর্মকর্তারা সেই ব্যাখ্যা খারিজ করে জ্বালানি ঘাটতিকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। বেঙ্গালুরুতে জ্বালানি ভরে এবং নতুন ক্রু নিয়ে বিমানটি চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করে এবং রাত ১১টা ২৫ মিনিটে সেখানে পৌঁছয়।
প্রসঙ্গত, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগেও 'মে ডে' ঘোষণা করেছিল। ফলে এই বিমানেও এমন ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে।












Click it and Unblock the Notifications