Bandra Stampede: ভোটের মহারাষ্ট্রে রেলস্টেশনে দুর্ঘটনা, অশ্বিনীকে ‘রিল মন্ত্রী’ কটাক্ষ উদ্ধব-পুত্র আদিত্যর
Bandra Station Stampede: দীপাবলিতে বাড়ি ফেরার আগে দুর্ঘটনা। মহারাষ্ট্রের বান্দ্রা স্টেশনে (Bandra Railway Station) ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত ৯ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক ২ যাত্রী। ঘটনায় ফের একবার বিরোধীদের নিশানায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)।
মহারাষ্ট্রে শিয়রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election 2024)। সে রাজ্যে আবার বিজেপির নির্বাচনী প্রচারের ইনচার্জ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বান্দ্রার প্ল্যাটফর্মে দুর্ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে বিরোধীরা। প্রায়শই রেল দুর্ঘটনা নিয়ে অশ্বিনীকে খোঁচা উদ্ধব ঠাকরের শিবসেনার। এক্স হ্যান্ডেলে অশ্বিনীকে অযোগ্য মন্ত্রী বলে আক্রমণ উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের (Aditya Thackeray)।

পোস্টে আদিত্য লেখেন, "রেলমন্ত্রী অতীত। এখন রিলমন্ত্রী আছেন। বিজেপি মহারাষ্ট্রে নির্বাচনের প্রভারীর দায়িত্ব দিয়েছে অশ্বিনী বৈষ্ণবকে। কিন্তু রেলের সঙ্গে প্রতি সপ্তাহেই কিছু না কিছু ঘটে চলেছে। গোটা দেশ অযোগ্য মন্ত্রীদের দ্বারা চালিত হচ্ছে, এটা সত্যিই লজ্জার।"
দেশজুড়ে আকছাড়ই ঘটে চলেছে রেল দুর্ঘটনা। কখনও আবার রেললাইনে বিস্ফোরক রেখে ট্রেন ওড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে। এসব নিয়ে সংসদে রেলমন্ত্রীকে রিলমন্ত্রী বলে বারবার কটাক্ষ করেছে বিরোধীরা। কিন্তু শুধু রিল নয়, রেলের কর্মীরা পরিশ্রম করছে বলে সংসদে দাঁড়িয়েই পাল্টা বলতে শোনা যায় অশ্বিনী যাদবকে।
প্রসঙ্গত, রবিবার কাকভোরে বান্দ্রা স্টেশনের প্ল্যাটফর্মে ঘটে দুর্ঘটনা। রেলের এক আধিকারিক জানান, ভোর ৫টা ১৫ মিনিটে গোরক্ষপুরগামী অন্ত্যোদয়া এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল। তার ঢের আগে ভোর পৌনে তিনটে নাগাদই ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া হয়। কিন্তু ট্রেন থামার আগেই যাত্রীরা ওঠার জন্য হুড়োহুড়ি করতে থাকেন। পদপিষ্ট হয়ে আহত হন ৯ জন যাত্রী।
রেলের ওই আধিকারিক আরও জানান, উৎসবের মরশুমে ভিড় সামাল দিতে বেশি করে ট্রেন চালানো হয়। তবে এদিনের ২২ কোচের অন্ত্যোদয়া এক্সপ্রেসের সবকটি কামরাই অসংরক্ষিত ছিল। ট্রেন ধরার জন্যে একটি প্ল্যাটফর্মেই প্রায় ১৫০০ লোকের জমায়েত হয়েছিল। ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি পড়ে যায়। এমনকি কিছু লোক লাইনেও পড়ে যায় বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications