৩১ জুলাই পর্যন্ত স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা, নির্দেশ জারি ডিজিসিএর
৩১ জুলাই পর্যন্ত স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা
৩১ জুলাই পর্যন্ত বাতিল করা হল আন্তর্জাতিক বিমান পরিষেবা। বুধবার ডিজিসিএর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, ডিজিসিএ ২০২০ সালের ২৬ জুন জারি করা তার পূর্ববর্তী নির্দেশটি সংশোধন করে বাণিজ্যিক বিমানগুলিতে আংশিক নিষেধাজ্ঞা বাড়িয়েছিল। তবে ডিজিসিএ বলেছে, 'তবে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্বাচিত রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর অনুমতি দেওয়া যেতে পারে।’

কোভিড–১৯ মহামারির কারণে গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক যাত্রী পরিষেবা স্থগিত ছিল। তবে গত বছরের মে মাস থেকে বন্দে ভারত মিশনের আওতায় বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু ছিল। এছাড়াও এয়ার বাবল চুক্তি অনুযায়ী ওই বছরের জুলাই থেকে কিছু নির্দিষ্ট দেশে আন্তর্জাতিক বিমান চলাচল করছিল।
ভারতের সঙ্গে আমেরিকা, ব্রিটেন, আরব, কেনিয়া, ভুটান ও ফ্রান্স সহ ২৭টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি করা আছে। বিশেষ পরিস্থিতিতে নিয়মিত বিমান বন্ধের সময় দুটি দেশ যখন বিশেষ ব্যবস্থায় নিজেদের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করে, তাকে 'এয়ার বাবল’ বলে। এই বিশেষ ব্যবস্থায় কারা যাওয়া-আসা করতে পারবেন, তা দেশ দুটির আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়।
তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সময় অনেক দেশই এয়ার বাবলের আওতায় ভারত থেকে বিমান পরিষেবা বাতিল করে দিয়েছিল। ভারতের পরিস্থিতি না শুধরানো পর্যন্ত সেই সব দেশে এই দেশ থেকে কোনও বিমান আসার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ডিজিসিএর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এই স্থগিতাদেশ আন্তর্জাতিক কার্গো ক্রিয়াকলাপ এবং বিমানগুলির পরিচালনাকে প্রভাবিত করবে না।












Click it and Unblock the Notifications