Baba Siddique Murder Probe: গুলির পর পুলিশের চোখে লঙ্কাগুঁড়ো, ঠান্ডা মাথায় ছক কষে বাবা সিদ্দিকিকে খুন
Baba Siddique Murder Probe: মহারাষ্ট্রে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনে (NCP Leader Baba Siddique killed) একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঠান্ডা মাথায় গোটা খুনের পরিকল্পনা (Killing Conspiracy) অভিযুক্তদের। লঙ্কাগুঁড়ো, পেপার স্প্রে, ফটো, শব্দবাজি সঙ্গে নিয়ে বাবা সিদ্দিকিকে খুন করতে গিয়েছিল অভিযুক্তরা। জেরায় স্বীকার অভিযুক্তদের।
শনিবার সন্ধেয় মুম্বইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির ( Zeeshan Siddique) অফিস থেকে বেরোনোর সময় বাবা সিদ্দিকিকে ঘিরে ছিলেন পুলিশ কনস্টেবল। সিদ্দিকিকে টার্গেট করে পরপর ছয় রাউন্ড গুলি চালনার পর ওই কনস্টেবলের চোখেই লঙ্কাগুঁড়ো ছিঁটিয়ে দেয় আততায়ীরা।

তিন আততায়ীর (Three Shooters) মধ্যে এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানা থেকে বছর তেইশের গুরমেল বলজিৎ সিং ও উত্তরপ্রদেশ থেকে ১৯ বছরের ধর্মরাজ কাশ্যপকে গ্রেফতার করেছে পুলিশ। শিবকুমার গৌতম (Shivkumar Goutam) নামে অপর এক আততায়ীর খোঁজ চালাচ্ছে পুলিশ।
জেরায় গোটা পরিকল্পনা জানিয়েছে অভিযুক্তরা। ঘটনাস্থলে চলছিল দশেরার (Dussehra) শোভাযাত্রা। বাজির শব্দে প্রায় শোনাই যাচ্ছিল না কিছু। প্রথমে বলজিৎ সিং ও ধর্মরাজ কাশ্যপ গুলি চালাবে বলে ঠিক করে। যদিও ভিড়ের মাঝে নিশানা নিয়ে সন্দিহান ছিল তারা। এরপর শিবকুমারই প্রথমে গুলি চালাবে বলে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় আততায়ীরা।
শিবকুমার ৬ রাউন্ড গুলি চালাতেই পুলিশের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। জনতার ভিড়ে মিশে গিয়ে শিবকুমার পালিয়ে গেলেও ধরা পড়ে যায় বাকি দু'জন। দুটি পিস্তল ও ২৮টি তাজা কার্তুজ উদ্ধার হয় তাদের কাছ থেকে।
বাবা সিদ্দিকির নিরাপত্তায় সঙ্গে তিন পুলিশ কনস্টেবলের থাকার কথা। কিন্ত গুলিচালনার সময় একজনই ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে জেরায় নিজেদের বেকসুর প্রমাণ করার চেষ্টা করছে ২ অভিযুক্ত। শিবকুমারই তাদের সেখানে আনে বলে দাবি বাকি ২ অভিযুক্তের। শিবকুমারই মূল মাথার খোঁজ দিতে পারবে বলেও জানিয়েছে তারা।
বাবা সিদ্দিকি খুনে রবিবার রাতে পুনে থেকে আরও এক ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ২৮ বছর বয়সী ধৃত ওই যুবকের নাম প্রবীণ লঙ্কার।












Click it and Unblock the Notifications