গুলিবিদ্ধ হয়ে খুন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি, সকালেই দশেরার শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন
Baba Siddique: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকি গুলিবিদ্ধ হয়ে খুন। আজ সকালেই তিনি সকলকে দশেরার শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন।
কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। পুলিশ ইতিমধ্যে ২ জনকে আটক করেছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, বাবা সিদ্দিকির পেট ও বুকে গুলি লেগেছিল। তাঁকে নিয়ে যাওয়া হয় লীলাবতি হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। সিদ্দিকি নির্মল নগরের অফিস থেকে বেরিয়ে সবে গাড়িতে উঠেছিলেন। তখনই দুষ্কৃতীরা গুলি চালায়। এমনও জানা যাচ্ছে, গুলি চালানোর আওয়াজ ঢাকতে আচমকাই বাজি ফাটানো হয়।
ফলে পরিকল্পনা করেই যে এই খুন, সেটাই মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে গুলিভর্তি দুটি বন্ধুক নিয়ে থাকা এক ব্যক্তিকে সন্দেহভাজন বলে আটক করা হয়। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার তাঁর কর্মসূচি বাতিল করে আজ রাতেই মুম্বই ফিরছেন বলে জানা যাচ্ছে।
শিবসেনা (ইউবিটি) মুখপাত্র আনন্দ দুবে বলেছেন, যদি প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের মুম্বইয়ে নিরাপত্তা না থাকে, তাহলে সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে কী করে? এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পদত্যাগ করা উচিত। ওই পদে থাকার কোনও অধিকার তাঁর নেই।
মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেরও পদত্যাগ দাবি করেছেন আনন্দ দুবে। তিনি বলেন, মুম্বইয়ের রাস্তায় তিন রাউন্ড গুলি চলছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এটা কী ধরনের আইনশৃঙ্খলার নিদর্শন? দুষ্কৃতীরা কোনও ভয় পাচ্ছে না। মহাযুতি ও বিজেপির নীতি রাজনীতিকে কলুষিত করছে।
কংগ্রেস, বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল বাবা সিদ্দিকির প্রয়াণে শোকবার্তা দিয়েছে। হাসপাতালে পৌঁছেছেন দেবেন্দ্র ফড়নবীশ। জানা যাচ্ছে, রাত ৯টা থেকে ১০টার মধ্যে গুলিচালনার ঘটনাটি ঘটেছে। বিজেপি নেতা কীর্তি সোমাইয়া বলেন, বাবা সিদ্দিকির খুনের ঘটনা চিন্তার বিষয়। সরকারের উচিত বিশেষ টিম বানিয়ে তদন্ত করা। এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। কড়া পদক্ষেপ করা উচিত।












Click it and Unblock the Notifications