Ayodhya Airport: জয় শ্রীরাম ধ্বনি বিমানে, দিল্লি থেকে প্রথম ফ্লাইট অযোধ্যায়! কলকাতা থেকে পরিষেবা কখন?
Ayodhya Airport: অযোধ্যায় মহর্ষি বাল্মীকির নামাঙ্কিত বিমানবন্দরের উদ্বোধন আজই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিমানবন্দরে দিল্লি থেকে পৌঁছল প্রথম বিমান।
সেই বিমানটি রওনা হওয়ার সময় বিমানের ভেতরকার ভিডিও ভাইরাল হয়েছে। পাইলট আবেগঘন হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতেই বাকিরাও একই পথে হাঁটলেন।

দিল্লি থেকে অযোধ্যায় আজ পৌঁছল ইন্ডিগোর প্রথম বিমান। বিমানযাত্রীদের স্বাগত জানাতে এগিয়ে আসেন ক্যাপ্টেন আশুতোষ শেখর। কো-পাইলট, বিমানসেবিকাদের সঙ্গে পরিচয় পর্ব করেন প্রথামাফিকভাবেই। অযোধ্যাগামী বিমান চালানোর দায়িত্ব পেয়ে তিনি যে গৌরবান্বিত, সে কথা উল্লেখ করেন আশুতোষ।
অযোধ্যায় প্রথম বিমান যে ইন্ডিগোর নামছে এই বিষয়ে বিমান সংস্থা ও সংস্থার কর্মীরা যে উৎফুল্ল, সে কথাও জানান বিমানের ক্যাপ্টেন। বিমান ওড়ার আগে যে সম্পর্কে গুরুত্বপূর্ণ নানা বার্তা দেওয়া হয় তা বলার শেষে জয় শ্রীরাম ধ্বনি দেন আশুতোষ। বিমানযাত্রীদের নিয়ে কেক কাটার পর্বও চলে।
#WATCH | IndiGo pilot captain Ashutosh Shekhar welcomes passengers as the first flight takes off from Delhi for the newly constructed Maharishi Valmiki International Airport, Ayodhya Dham, in Ayodhya, UP. pic.twitter.com/rWkLSUcPVF
— ANI (@ANI) December 30, 2023
মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর, অযোধ্যা ধাম নামক বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে ১৪৫০ কোটি টাকা। রানওয়ের দৈর্ঘ্য ২২০০ মিটার, এ-৩২১ বিমানের জন্য উপযুক্ত। অত্যাধুনিক নানা ব্যবস্থাপনাও রয়েছে। নতুন টার্মিনাল বিল্ডিং সাড়ে ৬ হাজার বর্গমিটারের। বাৎসরিক ১০ লক্ষ যাত্রীর যাতায়াতের ব্যবস্থাপনা রয়েছে।
ভবিষ্যতে টার্মিনাল বিল্ডিং আরও ৫০ হাজার বর্গমিটার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তাতে পিক-আওয়ারে ৪ হাজার যাত্রী ও বার্ষিক আরও ৬০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। আপাতত ইন্ডিগো ও এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের বিমান চলবে। ১৫ জানুয়ারি থেকে মুম্বই থেকে অযোধ্যার বিমান চালাবে ইন্ডিগো।
মুম্বই থেকে সেই বিমান সাড়ে ১২টায় ছেড়ে বিকেল পৌনে তিনটেয় অযোধ্যায় পৌঁছবে। অযোধ্যা থেকে মুম্বইয়ের বিমান ছাড়বে বিকেল ৩টে ১৫ মিনিটে, মুম্বই পৌঁছবে বিকেল ৫টা ৪০-এ। এয়ারইন্ডিয়া এক্সপ্রেস দিল্লি ও অযোধ্যার মধ্যে বিমান চালাবে। ১৭ জানুয়ারি থেকে বেঙ্গালুরু ও কলকাতা থেকে অযোধ্যার বিমান চালাবে এই সংস্থা।
বেঙ্গালুরু থেকে সকাল ৮টা ৫ মিনিটে ছাড়বে অযোধ্যার বিমান। সেখানে পৌঁছবে সকাল ১০টা ৩৫ মিনিটে। অযোধ্যা থেকে বেঙ্গালুরুর বিমান ছাড়বে বিকেল ৩টে ৪০ মিনিটে, বেঙ্গালুরু পৌঁছবে ৬টা ১০ মিনিটে। কলকাতার উদ্দেশ্যে অযোধ্যা থেকে বিমান ছাড়বে সকাল ১১টা ৫ মিনিটে, কলকাতায় পৌঁছবে বেলা ১২টা ৫০ মিনিটে। কলকাতা থেকে বেলা ১টা ২৫ মিনিটে ছেড়ে অযোধ্যায় বিমান পৌঁছবে বিকেল ৩টে ১০ মিনিটে।












Click it and Unblock the Notifications