কর্মক্ষেত্রে বলা যাবে না মালয়ালাম, বিক্ষোভের মুখে ফতোয়া জারি করেও পিছু হটল হাসপাতাল
বলতে হবে হিন্দি, বলা যাবে না মালায়ালাম! ফতোয়া জারি করেও পিছু হটল হাসপাতাল
কর্মক্ষেত্রে এসে কোনোভাবেই বলা যাবে না মালয়ালাম। রোগীর পরিজন তো দূর, এমনকী সহকর্মী সাথেও এই ভাষায় কথা বলা যাবে না বলে ফতোয়া জারি করেছিল দিল্লির দিল্লির গোবিন্দ বল্লভ পান্ত পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বা জিআইপিএমআর। এদিকে এই নির্দেশিকা জারির পর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে স্বাস্থ্য মহলে।

ক্ষোভ উগরে দেন ওই হাসপাতালে কর্মরত প্রায় সাড়ে তিনশো নার্স এমনকী অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও। এমনকী সোমবার হাসপাতালের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেওয়া হয়। জিআইপিএমআর কর্তৃপক্ষের অভিযোগ হাসপাতালে যোগাযোগের ক্ষেত্রে মালায়ালাম ভাষা ব্যবহার করা হচ্ছে। এদিকে হাসপাতালের বেশিরভাগ রোগী ও কর্মী এই ভাষা জানেন না, সেখানে এই ভাষা ব্যবহারের ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সকলকে। তাই জনস্বার্থেই এই সিদ্ধান্ত বলে দাবি তাদের।
কিন্তু নির্দেশিকা জারি হতেই বাড়তে থাকে বিতর্ক। সূত্রের খবর, এক রোগীর থেকেই অভিযোগ পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। যদিও এর আগে এই বিষয়ে হাসপাতালের অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গেও কোনোরকম কথা বলা হয়নি বলে অভিযোগ। এদিকে ঘটনার কথা চাউর হতেই অন্যান্য সামাজিক সংগঠনের পাশাপাশি প্রতিবাদে মুখর হতে দেখা যায় কংগ্রেসকেও। বড়সড় প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয় নার্স ইউনিয়নও। অবশেষে চাপের মুখে পড়েই পিছু হটল জিআইপিএমআর। তুলে নেওয়া হল পুরনো নির্দেশিকা।












Click it and Unblock the Notifications