Nagpur: ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে সংঘর্ষে জখম ৩০, গ্রেফতার ৬৫; গাড়ি-বাইকে আগুন, ছাড় পেল না স্বাস্থ্যকেন্দ্রও
Nagpur: মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি ঘিরে রণক্ষেত্র নাগপুর। মঙ্গলবার সকাল পর্যন্ত যা খবর, দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় অশান্তি পাকানোর অভিযোগে প্রায় ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহতও হয়েছেন প্রায় ৩০ জন প্রশাসনিক আধিকারিক। আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রায় ২৫টি বাইক ও তিনটি গাড়িও। জারি করা হয়েছে কার্ফু। আপাতত কোনও স্থানে জমায়েত নিষিদ্ধ।
মহারাষ্ট্রের সম্ভাজিনগরে ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি তুলেছে হিন্দু সংগঠনগুলি। এরই মাঝে অভিযোগ, বিশেষ একটি ধর্মের ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলার গুজব রটেছে। আর তা ঘিরেই নাগপুরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাঁধে। নাগপুর শহরের মহল এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। যার জেরে শহরজুড়ে একাধিক বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হল প্রশাসন।

সোমবার রাতের দিকে দফায় দফায় উত্তপ্ত হয় নাগপুরের বিভিন্ন এলাকা। রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শহরের হংসপুরী এলাকায় নতুন করে ফের সংঘর্ষের সূত্রপাত হয়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, একদল বিক্ষুব্ধ জনতা রাস্তায় দাঁড়িয়ে থাকা পরপর গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। স্রেফ তাই নয়, বাড়িঘরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকী, স্থানীয় একটি ক্লিনিকেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি।
সম্ভাজি নগরে ঔরঙ্গজেবের সমাধি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার সকালে নাগপুরে এনিয়ে প্রতিবাদও প্রদর্শন করে তারা। তারই কয়েক ঘণ্টা বাদে অপর গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের সদস্যরা। পাথরবৃষ্টিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, পুলিশ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সকলকে শান্তি বজায় রাখতে আহ্বানও জানিয়েছেন।
নাগপুরের পুলিশ কমিশনার রবিন্দর সিঙ্গল জানান, এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কাউকে বের হতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে গুজবে কান দিয়ে কেউ যাতে আইন হাতে না তুলে নেন, তা অনুরোধ করা হয়েছে বলে জানান সিপি। নাগপুর গ্রামীণ পুলিশও পরিস্থিতি সামাল দিতে শহরের রাস্তায় নেমেছে। সোশ্যাল মিডিয়ায় গুজব যাতে না রটে, তাতে নজরদারি চালাচ্ছে সাইবার পুলিশও।












Click it and Unblock the Notifications