Aurangzeb tomb row: ধর্মগ্রন্থকে অপবিত্র করার গুজব! নাগপুরে কার্ফু জারি, কীভাব ছড়াল হিংসার আগুন?
Nagpur Violence: রণক্ষেত্রের চেহারা নিয়েছে মহারাষ্ট্রের নাগপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার রাতভর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি তুলেছে হিন্দু সংগঠনগুলি। সকালে এনিয়ে প্রতিবাদের পরই রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষ বেঁধে যায়। কিন্তু কী নিয়ে কীভাবে ছড়াল এত অশান্তি?
সূত্রের খবর, সোমবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নাগপুরের মহল এলাকায় মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির সামনে শিব জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেন ভক্তরা। বেলা গড়াতেই সেখানে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের প্রায় জনা ৪০-৫০ জন কর্মী ঔরঙ্গজেবের সমাধিস্থল গুঁড়িয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ প্রদর্শনে সামিল হন। মুঘল সম্রাটের কুশপুতুল আগুনে জ্বালিয়ে দেয় তারা।

এরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব রটে যায় যে ওই প্রতিবাদ কর্মসূচিতে বিশেষ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ অপবিত্র হয়েছে। গুজব রটতেই এলাকায় জমায়েত শুরু করে মুসলিম সম্প্রদায়ের যুবকরা। উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন তারা। এরপর আচমকাই রাস্তায় শয়ে শয়ে যুবক নেমে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। সন্ধে সাড়ে ৭টা নাগাদ ব্যাপক আকার নেয় সংঘর্ষ। আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রায় ২৫টি বাইক ও তিনটি গাড়ি ও একটি ক্রেন। বাড়িঘরে মুড়ি মুড়কির মতো পাথর ছোড়া হয়। বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহতও হয়েছেন প্রায় ৩০ জন প্রশাসনিক আধিকারিক। জখম হয়েছেন ৫-৬ জন সাধারণ মানুষও। গুজব রটানোর অভিযোগে প্রায় ১০০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারি চালাচ্ছে মহারাষ্ট্র পুলিশে সাইবার ক্রাইম শাখা। পুরোনো ভিডিও ছড়িয়ে মিথ্যে তথ্য না প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের তরফে। মঙ্গলবার সকাল পর্যন্ত যা খবর, দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় অশান্তি পাকানোর অভিযোগে প্রায় ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও সকলকে শান্তি বজায় রাখতে আহ্বানও জানিয়েছেন। নাগপুরের পুলিশ কমিশনার রবিন্দর সিঙ্গল জানান, এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কাউকে বের হতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে গুজবে কান দিয়ে কেউ যাতে আইন হাতে না তুলে নেন, তা অনুরোধ করা হয়েছে বলে জানান সিপি।












Click it and Unblock the Notifications