তেলেঙ্গানায় বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত অন্তত ২০, আহত বহু, চালকের ভুল, নাকি অব্যবস্থা? দায় কার ওপর?জানুন
বাস ও ট্রাকের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২০ জনের, আহত একাধিক। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটে তেলেঙ্গানার শেভেল্লা থানার অন্তর্গত খানাপুর গেটের কাছে। তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ২০ জনের। গুরুতর আহত হয়েছেন আরও বহু যাত্রী।
তদন্তকারী পুলিশ আধিকারিকদের বক্তব্য, তান্ডুর থেকে হায়দরাবাদগামী বাসটি সংকীর্ণ রাস্তায় এগোচ্ছিল। আর সেই সময়েই উল্টো দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকটি সরাসরি বাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়ংকর ছিল যে বাসের সামনে অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। অনেক যাত্রী বাসের ভিতরেই আটকে যান।

চেভেল্লা থানার পুলিশ জানিয়েছে, "ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। বেশ কয়েকজন আহতকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।"
রাজ্যের পরিবহনমন্ত্রী পোন্নম প্রভাকর ঘটনাকে 'অত্যন্ত মর্মান্তিক' বলে শোকপ্রকাশ করেছেন। তিনি TGSRTC এর ম্যানেজিং ডিরেক্টর রাঙ্গা রেড্ডিঞ ও জেলার কালেক্টরকে নির্দেশ দিয়েছেন, আহতদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে। সেই সঙ্গে উদ্ধার ও ত্রাণকাজ তদারকি করার জন্য আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি মৃত ব্যক্তির পরিজনকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি।
এদিনের ঘটনার দিনকয়েক আগে রাজস্থানের ফলৌদিতে যাত্রীবাহী টেম্পো ট্রাভেলার একটি স্থির ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান অন্তত ১৫ জন তীর্থযাত্রী। বহু আহত হন। ধারণা করা হচ্ছে, কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
সাম্প্রতিক একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ফের প্রশ্ন তুলছে সড়ক নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে? ভারী যানবাহনের বেপরোয়া গতি, অতিরিক্ত পণ্য বোঝাই ও চালকের ক্লান্তি এই সবই কি মৃত্যু মিছিলের কারণ?












Click it and Unblock the Notifications