সরকারি বাংলো ছাড়তে হতে পারে বাজপেয়ী, মনমোহন কিংবা প্রণব মুখোপাধ্যায়কে
প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রণব মুখোপাধ্যায় কিংবা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংকে দিল্লি সরকারের লুটিয়েন্সের বাসভবন ছাড়তে হতে পারে।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রণব মুখোপাধ্যায় কিংবা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংকে দিল্লি সরকারের লুটিয়েন্সের বাসভবন ছাড়তে হতে পারে। সর্বোচ্চ আদালত প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রামনিয়ামের দেওয়া প্রস্তাব গ্রহণ করলেই বিপাকে পড়বেন প্রাক্তন এইসব শীর্ষ পদাধিকারী ব্যক্তিরা।

উত্তরপ্রদেশ সরকার আইন সংশোধন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের জন্য সরকারি বাসভবনের ব্যবস্থা করে। এর বিরুদ্ধেই জনস্বার্থ মামলা দায়ের করে লোকপ্রহরী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মামলাটি খতিয়ে দেখতে গত বছরের ২৩ অগাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ এবং নবীন সিনহার ডিভিশন বেঞ্চ প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রামনিয়ামকে তাঁদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন। ডিভিশন বেঞ্চ সেইসময় জানিয়েছিল, জনস্বার্থ মামলায় যে ইস্যুটি তোলা হয়েছে, তার প্রভাব পড়বে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের ওপরও, যদি সেখানে একইরকম কোনও সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে।
প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রামনিয়াম তাঁর মত দিতে গিয়ে জানিয়েছেন, সাংবিধানিক শীর্ষ পদে থেকে অফিস ছাড়ার পর সব ব্যক্তিই সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। সেইজন্য তাঁরা সরকারি বাসভবন পাওয়ার উপযুক্ত নন। তাঁর মতামত, কোনও নেতা কিংবা তাঁর পরিবারকে দেওয়া সুবিধার ওপরও পড়বে।
এর আগে ৬ কৃষ্ণ মেনন মার্গের বাংলো বাবু জগজীবন রাম ন্যাশনাল ফাউন্ডেশনকে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বাংলো জওহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর নামের সঙ্গে যুক্ত মেমোরিয়ালকে দেওয়ার রেওয়াজ রয়েছে।

বিচারপতি গগৈ এবং আর ভানুমতি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ১৬ জানুয়ারি।
প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রামনিয়ামের মতে, প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী কিংবা রাজ্যগুলির প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাসভবন বন্টন সংবিধানের সমানাধিকারের ধারাকে লঙ্ঘন করে। জনসাধারণের সম্পত্তি কখনও ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য দেওয়া যায় না।
যদি আইনের কোনও ধারায় প্রাক্তন শীর্ষ পদাধিকারীদের বাসস্থানের জন্য সুবিধা দেওয়া হয়, তাহলে তা সংবিধানের ১৪ নং ধারার পরিপন্থী হবে বলে জানিয়েছেন প্রাক্তন সলিসিটর জেনারেল। উদাহরণ হিসেবে, বিশিষ্ট ব্যক্তির বিধবা কিংবা পরিবারকে সরকারি বাসস্থান বরাদ্দের প্রসঙ্গও তুলেছেন তিনি। এইসব ব্যক্তির ক্ষেত্রেই উপরিউক্ত নীতি প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications