মালালা ইউসাফজাইয়ের নামে গ্রহাণুর নামকরণ করল নাসা
ক্যালিফোর্নিয়া, ১১ এপ্রিল : মালালা ইউসাফজাইয়ের নামে একটি গ্রহাণুর নামকরণ করল নাসা।
গতবছর সবচেয়ে কমবয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন পাকিস্তানি কিশোরী মালালা। তালিবান জঙ্গিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সারা বিশ্বে শিক্ষা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগকে ফের একবার স্বাগত জানাতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও তাঁকে সম্মাননা জ্ঞাপন করল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার মহাকাশচারী অ্যামি মেনজার 'গ্রহাণু ৩১৬২০১'-এর নাম রাখেন 'মালালা'। পাকিস্তানের ডন পত্রিকায় গতকাল এই খবর প্রকাশিত হয়েছে।
নাসার এক গবেষক অ্যামি মেইনজার এই খবর জানিয়ে বলেন, "মালালার নামে গ্রহাণুর নামকরণ করা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয়।" তাঁর মতে, নাসায় এক সহকর্মী তাঁকে মনে করিয়ে দেন যে, অনেক গ্রহাণুরই নামকরণ করা হয়, কিন্তু মহিলাদের নানা অবদানকে সম্মান জানিয়ে গ্রহাণুর নামকরণের খুব একটা উদাহরণ নাসায় নেই।" এরপরই তিনি মালালার নামকরণ করতে উদ্যোগী হন বলে জানিয়েছেন ওই মহাকাশচারী।
মঙ্গল ও বৃহস্পতির মাঝে এই গ্রহাণুটি খুঁজে পেয়েছে নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর হিসাবে ধরলে এই 'গ্রহাণু ৩১৬২০১' টি প্রতি ৫.৫ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত মালালা ইউসাফজাই ষোড়শী এক পাকিস্তানি তরুণী যিনি মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ায় সেদেশের তালিবানি জঙ্গিরা তাঁকে হত্যার চেষ্টা করে। ২০১২ সালের প্রথম দিকে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করা হলেও মালালা বেঁচে যান। তখন থেকে তিনি সারা বিশ্বে নারী শিক্ষার প্রচার ও প্রসারে রাষ্ট্রসংঘের প্রধান মুখ হয়ে উঠেছেন।












Click it and Unblock the Notifications